বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ পথে ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
গাজীপুরের জয়দেবপুর রেল জংশনের কাছে গতকাল শুক্রবার সকালে ঢাকাগামী যমুনা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ছয় ঘণ্টা পর বেলা সোয়া একটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জয়দেবপুর রেল জংশন সূত্রে জানা যায়, জামালপুর থেকে যমুনা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা যাচ্ছিল। গতকাল সকাল পৌনে সাতটার দিকে ট্রেনের পেছনের বগির সামনের দিকের চাকা লাইনচ্যুত হয়। বগির এক্সেল বক্স মাত্রাতিরিক্ত গরম হওয়ায় লাইনচ্যুতের ঘটনাটি ঘটে, যা ট্রেনের হট এক্সেল নামে পরিচিত। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ঢাকা থেকে অন্য সব পথে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। পরে রেলওয়ে প্রকৌশল বিভাগের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। বেলা সোয়া একটার দিকে তাঁরা বগি উদ্ধার করেন এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
লাইনচ্যুতের কারণে ঢাকাগামী জামালপুর কমিউটার, ভাওয়াল এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, হাওর এক্সপ্রেস, ডেমু কমিউটার, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার, মহুয়া এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস ও অগ্নিবীণা এক্সপ্রেস গাজীপুর জেলার বিভিন্ন রেলস্টেশনে যাত্রাবিরতি করতে বাধ্য হয়। এ সময়ে শত শত যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি। লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর বেলা সোয়া একটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।