বগিভর্তি আলুর বস্তা যাত্রীদের ঠাঁই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধে সড়কপথে যানবাহন চলাচল করতে না পারায় প্রতিদিন হাজার হাজার মানুষ ট্রেনে যাতায়াত করছেন। এ ছাড়া নানা ধরনের পণ্য পরিবহনে ব্যবসায়ীরাও ট্রেনের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। তবে উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা খুলনা ও ঢাকাগামী যাত্রীবাহী আন্তনগর ও মেইল ট্রেনগুলোর যাত্রীবাহী কামরায় কর্তৃপক্ষ হাজার হাজার মণ আলু বহন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ট্রেন যাত্রীরা জানান, হরতাল-অবরোধে সড়কপথে যাতায়াত করতে না পেরে বেশির ভাগ মানুষ ট্রেনে যাতায়াত করছেন। সম্প্রতি জয়পুরহাট রেলস্টেশনসহ জেলার জামালগঞ্জ ও আক্কেলপুর রেলস্টেশন থেকে ব্যবসায়ীরা প্রতিদিন প্রতিটি যাত্রীবাহী ট্রেনে বিপুল পরিমাণ আলু পরিবহন করছেন। এতে ট্রেনে চলাচল করতে পারছেন না সাধারণ যাত্রীরা। এসব স্টেশনে ট্রেন আসামাত্র আলু ব্যবসায়ী ও তাঁদের লোকজন যাত্রীবাহী কামড়ায় শত শত বস্তা আলু তুলছেন।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে দিনাজপুরের পার্বতীপুর থেকে খুলনাগামী ২৪ নম্বর রকেট মেইল ট্রেনটি বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে পৌঁছামাত্র যাত্রীদের হইচই শুরু হয়। পরে জানা যায়, ট্রেনটির একটি কামড়ায় অতিরিক্ত আলুর বস্তা ওঠানোর কারণে ওই কামড়ার সিপ্রং ভেঙে যাওয়ায় ভয়ে যাত্রীরা চিৎকার করেন। নয় কামড়াবিশিষ্ট ওই ট্রেনের পাঁচ কামড়ায় কয়েক শ বস্তা আলু তুলে কামড়ার দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে আন্তনগর ট্রেনের দুটি পরীক্ষামূলক কামড়াও ছিল। তবে ২৪ নম্বর রকেট মেইল ট্রেনের পরিচালক (গার্ড) আশিষ ভদ্র জানান, ব্যবসায়ীরা জোর করে কামড়ায় আলুর বস্তা উঠিয়েছেন। এতে তাঁর কিছু করার ছিল না। তবে ওই ট্রেনের যাত্রী রফিকুল ইসলাম জানান, ট্রেনের গার্ডের বক্তব্য সঠিক নয়। গার্ড ও অ্যাটেনডেন্ট ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশ করে যাত্রীবাহী কামড়ায় আলু উঠিয়েছেন।
রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) সুজিত কুমার বিশ্বাস জানান, রেল পুলিশের অসহযোগিতার কারণে এ সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না।