বগির ধাক্কায় ছাদ থেকে পড়ে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ি এলাকার কাছে মালবাহী ট্রেনের ছাদ থেকে পড়ে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ের সূত্র ও আহত লোকজন জানান, বগুড়ার শান্তাহার থেকে দিনাজপুরের পার্বতীপুরগামী একটি মালবাহী ট্রেন পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ি চাটয় পৌঁছালে পেছনের ৪-৫টি বগি খুলে যায়। কিছু দূর গিয়ে মালগাড়িটি বন্ধ হয়ে দাঁড়িয়ে যায়। এ সময় খুলে যাওয়া বগিগুলো পেছন থেকে ইঞ্জিনসহ বাকি বগিগুলোকে ধাক্কা মারে। এতে বগির ছাদে থাকা কয়েকজন ছিটকে নিচে পড়ে যায়। এ ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রথম আলোর প্রতিনিধি চারজনের মরদেহ দেখেছেন। তিনি ঘটনাস্থলে একটি এবং জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজনের মরদেহ দেখেছেন। তবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে সন্ধ্যা ছয়টার দিকে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কতজন নিহত হয়েছে, তা এখন জানানো সম্ভব নয়।