বগির ধাক্কায় নিহত ৪ ট্রেনযাত্রী
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মীর শহীদ রেলগেট এলাকায় আজ বৃহস্পতিবার বিকেলে মালবাহী ট্রেনের ইঞ্জিনের সঙ্গে পেছনের বগির ধাক্কা লেগে চারজন নিহত ও ১৭ জন আহত হয়েছে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আহত লোকজনকে জয়পুরহাট জেলা হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশ নিহত ও আহত লোকজনকে উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী ট্রেন জয়পুরহাট রেলওয়ে স্টেশন ছেড়ে পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ পেছনের ৫-৬টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পেছনের বগিতে থাকা গার্ড মোবাইলে জানালে চালক খাসবাগুড়ির মীরশহিদ রেলগেটে ট্রেনটি দাঁড় করায়। এ সময় পেছনের চলন্ত বগি দাঁড়ানো ইঞ্জিনসহ অন্য বগির অংশে ধাক্কা দেয়। এতে তেলবাহী লরির ফাঁকে বসে থাকা লোকজন ছিটকে আশেপাশে পড়ে হতাহত হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। তার নাম জুয়েল (১৪), বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত লোকজনকে জয়পুরহাট হাসপাতালে ভর্তি করলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যায়। তারা হলো জেলার পুরানাপৈল এলাকার সাদেকুল, খঞ্জনপুর এলাকার আজাহার আলী এবং অন্যজন অজ্ঞাত।
আহত ব্যক্তিরা হলো সাদেক, রবিউল ইসলাম, আব্দুল মজিদ, সেকেন্দার, হৃদয়, ইমরান, রাজিয়া, বাবু, বাদল, সোহেল, বাচ্চু, সাদেকুল, খালেক ও আবুজার শেখ। তাদের নাম ছাড়া পরিচয় জানা যায়নি। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আরও ছয়জনকে পাঠানো হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন সোহেল হোসেন জানান, মালট্রেনে চড়ে অনেক লোকজন হিলিতে যাচ্ছিল। তিনিও জিরা কিনতে ওই ট্রেনে যাচ্ছিলেন।
ঘটনাস্থল খাসবাগুড়ি গ্রামের প্রত্যক্ষদর্শী মো. মিনার বেলাল জানান, সন্ধ্যার দিকে হঠাৎ করেই মালট্রেনের পেছনের ৫-৬টি বগি ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায়। তার কিছুক্ষণ পরই সামনের ট্রেনটি দাঁড়ানো মাত্র পেছনের বগিগুলি এসে সজোরে ধাক্কা দিলে বগি থেকে লোকজন ছিটকে পড়লে হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় চারজন নিহত এবং ১৭ জন আহত হয়েছে।
সান্তাহার রেলওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ সাঈদ ইকবাল জানান, ওই দুর্ঘটনায় চারজন নিহত ও ১০ জন আহত হয়েছে বলে তাঁরা জেনেছেন। ঘটনার পর সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) এসআই আবদুর রাজ্জাকসহ চারজন ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।
জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক সাইদুর রহমান জানান, হাসপাতালে ১৭ জন ভর্তি হয়েছে। এদের মধ্যে ছয়জনকে বগুড়ায় পাঠানো হয়েছে। দুর্ঘটনায় অধিকাংশ মানুষেরই হাত-পা কেটে বিচ্ছিন্ন হয়েছে।
রাজশাহীর পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মো. আবদুল আউয়াল মোবাইলে প্রথম আলোকে জানান, এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান পার্বতীপুর রেলওয়ের অপারেটিং ম্যানেজার শাহ আলম। কমিটিকে দ্রুত তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।