বগীবন্দর লঞ্চঘাটে পন্টুন নেই, ভোগান্তি
বরগুনার তালতলী উপজেলার বগীবন্দর লঞ্চঘাটের পন্টুনটি দীর্ঘ চার বছরেও নদী থেকে উদ্ধার করা হয়নি। এতে রক্ষণাবেক্ষণের অভাবে মরিচা পড়ে পন্টুনটি নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি পন্টুন না থাকায় যাত্রীরা লঞ্চ ও অন্যান্য নৌযানে ওঠানামা করতে গিয়ে প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে সৃষ্ট প্রবল জলোচ্ছ্বাসের আঘাতে তলা ছিদ্র হয়ে পন্টুনটি ডুবে যায়। পরে স্থানীয় লোকজন পন্টুনটি রশি দিয়ে পাড়ের সঙ্গে খুঁটি পুঁতে বেঁধে রাখে। স্থানীয় বাসিন্দা আবুল হাসান বয়াতি জানান, প্রতিদিন এখান থেকে কয়েক শ যাত্রী নৌপথে তালতলী উপজেলা সদর ও বরগুনাসহ অন্যান্য স্থানে যাতায়াত করে। পন্টুন না থাকায় এসব যাত্রী ঝুঁকি নিয়ে নৌযানে ওঠানামা করে। এতে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পটুয়াখালী কার্যালয়ের বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, অকেজো হয়ে পড়ায় পন্টুনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। নতুন পন্টুন স্থাপনের ব্যাপারে তিনি বলেন, বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং পরিত্যক্ত পন্টুনটি শিগগিরই নিলামে বিক্রি করা হবে।