বগুড়া ও পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বগুড়ায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল মঙ্গলবার দুজন নিহত হয়েছেন। একই দিনে পাবনার সদর উপজেলায় বাসের চাপায় এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার গাবতলী উপজেলার ভান্ডার পাইকার দুর্গাহাটা গ্রামের তৌহিদুল ইসলাম (৪৮); গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের বদিউজ্জামান (৫৬) এবং পাবনা সদর উপজেলার কাঁকলেখালি গ্রামের আবদুর রহিম (৫৫)।
বগুড়ার শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজমিলুর রহমান বলেন, গতকাল দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বগুড়া যাচ্ছিল। পথে বাসটি বনানী বাজার অতিক্রম করার সময় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তৌহিদুল ইসলামের মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস গতকাল ভোরে বগুড়ার মাটিডালি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে। এতে বাসের ২৬ জন যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সকালে চিকিৎসাধীন অবস্থায় বদিউজ্জামান মারা যান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী বলেন, বাসটি আটক করা হলেও বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।
পাবনার ধর্মগ্রাম এলাকার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পুষ্পপাড়া কামিল মাদ্রাসার ইবতেদায়ি শাখার প্রধান শিক্ষক আবদুর রহিম গতকাল বিকেলে মাদ্রাসা থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ধর্মগ্রাম এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে ঢাকা থেকে পাবনাগামী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আতাইকুলা থানার ওসি নুর-এ-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।