বগুড়া ও শরীয়তপুরে ৭০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রহ্মপুত্র নদে পানি বাড়ছেই। শেরপুর-জামালপুর মহাসড়কের পোড়ার দোকান এলাকায় ডাইভারশন সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে l ছবি: দেবাশীষ সাহা রায়
ব্রহ্মপুত্র নদে পানি বাড়ছেই। শেরপুর-জামালপুর মহাসড়কের পোড়ার দোকান এলাকায় ডাইভারশন সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে l ছবি: দেবাশীষ সাহা রায়

দেশের বন্যাকবলিত সাতটি জেলার নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায়ও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে অসংখ্য মানুষ। পানি ঢুকে পড়ায় গতকাল শনিবার বগুড়ার সারিয়াকান্দিতে ৪০টি ও শরীয়তপুরের তিন উপজেলায় ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে নীলফামারীতে।
বার্তা সংস্থা বাসস জানায়, আগামী ৭২ ঘণ্টায় লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, নেত্রকোনা ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আগামী তিন দিনে ব্রহ্মপুত্র, গঙ্গা ও মেঘনা নদীর পানি কমতে থাকলেও বৃদ্ধি পেতে পারে পদ্মায়।
বন্যার পানিতে ডুবে গতকাল সন্ধ্যায় সিরাজগঞ্জে এক শিশুর মৃত্যু হয়েছে। শাহজাদপুর উপজেলার সোনাতুনি ইউনিয়নের বানতিয়ার গ্রামের আশরাফ আলীর দেড় বছরের মেয়ে ডালিমা হামাগুড়ি দিয়ে বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে গেলে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি গতকাল ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। সেই সঙ্গে বাড়ে অভ্যন্তরীণ করতোয়া, বড়াল, ফুলঝোড় ও ইছামতী নদীর পানি। দ্বিতীয় দফায় পানি বেড়ে সদর, কাজীপুর, শাহজাদপুর, বেলকুচি, চৌহালী, তাড়াশ ও উল্লাপাড়ার ১০টি ইউনিয়নের প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে এসব গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ।
কুড়িগ্রামে গতকাল ধরলা নদীর পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। জেলার পাঁচ লাখ বন্যাকবলিত মানুষ ১৬ দিন ধরে মানবেতর জীবনযাপন করছে। অনেক দুর্গত মানুষের ভাগ্যে এখনো ত্রাণ জোটেনি। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক প্রতীপ কুমার মণ্ডল জানান, গতকাল পর্যন্ত জেলার ৩৮ হাজার ৪২৫ হেক্টর আবাদি জমির ফসল পানিতে তলিয়ে গেছে।
বগুড়ার সারিয়াকান্দিতে বন্যানিয়ন্ত্রণ বাঁধের ৫০০ মিটার এলাকা গত বৃহস্পতিবার রাতে ভেঙে যায়। এতে যমুনার ঢলে নয়টি ইউনিয়নের ৯০টি গ্রাম প্লাবিত হয়, পানিবন্দী হয়ে পড়ে প্রায় এক লাখ মানুষ। বসতবাড়ি তলিয়ে যাওয়ায় সারিয়াকান্দির অন্তত ২০ হাজার মানুষ আশপাশের পাকা সড়ক ও বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। কিন্তু এসব সড়কের ওপর দিয়েও এখন পানির স্রোত বইছে। অথৈ পানিতে চুলা জ্বলছে না। শুকনো খাবার সংগ্রহেরও উপায় নেই। সড়কে আশ্রয় নেওয়া রোহদহের আবদুল মালেক (৫০) বলেন, ‘বানের ঢলে ঘর ভ্যাসে গেচে। খালি হাতে এ সড়কত অ্যাসে উঠেচি। পরিবার লিয়ে না খ্যায়া আচি। কেউ খোঁজ লেয় না।’
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার বলেন, বগুড়ায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। আগের দিনের চেয়ে গতকাল যমুনার পানি ১ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ৯৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। বাঁধ ভেঙে পানি লোকালয়ে ঢুকে পড়ায় গত ২৪ ঘণ্টায় যমুনার পানি কমলেও বাঙ্গালী ও ইছামতী নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
বন্যা পরিস্থিতি অপরিবর্তিত জামালপুরেও। বন্যার পানি ৮ সেন্টিমিটার হ্রাস পেলেও গতকাল দুপুরে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীতে বন্যার পানি বিপৎসীমার ৬৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৪৪টি ইউনিয়নের এক লাখ মানুষ। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম গতকাল মেলান্দহ, মাদারগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন।
পরিস্থিতির অবনতি ঘটেছে টাঙ্গাইলে। গতকাল যমুনা নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সদর, ভূঞাপুর, গোপালপুর, কালিহাতী, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার তিন শতাধিক গ্রাম এখন বন্যাকবলিত। পানিবন্দী লক্ষাধিক মানুষ।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রোহদহ এলাকায় যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে তলিয়ে গেছে তিন উপজেলার প্রায় ২০০ গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। সারিয়াকান্দির চন্দনবাইশা বাঁধে গতকাল ত্রাণের অপেক্ষায় মানুষ l ছবি: প্রথম আলো
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রোহদহ এলাকায় যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে তলিয়ে গেছে তিন উপজেলার প্রায় ২০০ গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। সারিয়াকান্দির চন্দনবাইশা বাঁধে গতকাল ত্রাণের অপেক্ষায় মানুষ l ছবি: প্রথম আলো

পদ্মা নদীর পানি শুক্রবার রাত থেকে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শরীয়তপুরের জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জের ২০টি ইউনিয়নের দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানি ঢুকে পড়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে তিন উপজেলার ১০টি উচ্চবিদ্যালয় ও ২০টি প্রাথমিক বিদ্যালয়।
শেরপুর সদরে ব্রহ্মপুত্র নদের পানি আরও বৃদ্ধি পেয়েছে। অব্যাহত রয়েছে নদীভাঙনও। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গতকাল সকালে ব্রহ্মপুত্র নদে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক শূন্য ৯ সেন্টিমিটার। বর্তমানে ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু শেরপুর সদর উপজেলা প্রান্তে নদের বন্যানিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করায় চরপক্ষীমারী, চরমোচারিয়া, বলাইয়েরচর ও কামারেরচর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সদরের চরপক্ষীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকবর আলী জানান, ব্রহ্মপুত্র নদসংলগ্ন সাতপাকিয়া, কুলুরচর, ব্যাপারীপাড়া, ভাগলগড়, চুনিয়ারচর ও ডাকপাড়া গ্রামের বিপুলসংখ্যক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে চরাঞ্চলের ৩৫০ হেক্টর জমির আমনখেত।
নীলফামারীতে গতকাল বিকেলে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এতে ডিমলা ও জলঢাকা উপজেলার ১০ ইউনিয়নের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বিভিন্ন এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। সিদ্ধেশ্বরী, নাড্ডাপাড়া, চারআনি, বানপাড়া ও তালুক শৌলমারীর প্রায় ৪০ একর আবাদি জমি বিলীন হয়ে গেছে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ; বগুড়া অফিস; টাঙ্গাইল, শরীয়তপুর, নীলফামারী, শেরপুর, ধুনট (বগুড়া), মাদারগঞ্জ ও সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি এবং জামালপুর সংবাদদাতা}