বগুড়া জিলা স্কুলে অন্য রকম মিলনমেলা
অন্যদিন বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইলেও গতকাল শনিবার নবীন শিক্ষার্থীরা দাঁড়িয়ে ছিল মাঠের এক পাশে। অন্য পাশে দাঁড়িয়ে ছিলেন খয়েরি রঙের গেঞ্জি পরা হাজার দেড়েক প্রাক্তন শিক্ষার্থী। নবীন-প্রবীণ শিক্ষার্থীরা কণ্ঠ মিলিয়ে গাইলেন জাতীয় সংগীত। শপথ নিলেন দেশ গড়ার। আর নবীন শিক্ষার্থীদের সঙ্গে বিদ্যালয়ে এই প্রতিদিনের নিয়ম করা সমাবেশে অংশ নিতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই।
গতকাল শনিবার সকালে বগুড়া জিলা স্কুলে পুনর্মিলনী অনুষ্ঠানের শুরুতে প্রতিদিনের সমাবেশ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় সংগীত ও শপথ নিতে গিয়ে এমন আবেগ উচ্ছ্বাসের দৃশ্যের অবতারণা হয়। ১৬২ বছরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী বগুড়া জিলা স্কুলে দিনব্যাপী তৃতীয়বারের মতো জমকালো এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়টির অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
পুনর্মিলনী অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় সংগীত সমাবেশে দাঁড়িয়ে ১৯৬৮ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী মুক্তিযোদ্ধা ও চিকিৎসক আরশাদ সায়ীদ তাঁর অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘শনিবারের সকালটা অন্য রকম এক স্মরণীয় মুহূর্ত। ঠিক ৪৭ বছর পেছনে ফিরে গিয়েছিলাম। মনে হচ্ছিল, ঠিক যেন কিশোর বয়সে স্কুলজীবনে ফিরে গেছি। প্রতিদিন সকালে ক্লাস শুরুর আগে এ রকম ন্যাশনাল অ্যাসেমব্লি হতো। দেশ গড়ার শপথ নিতাম। খানিকের জন্য হলেও স্মৃতির সেই দিনগুলোতে ফিরে গিয়েছিলাম।’
সকাল নয়টার সমাবেশ ও শপথ অনুষ্ঠানের পর বেলুন উড়িয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর নবীন ও প্রাক্তন শিক্ষার্থীরা বের করেন বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে জিলা স্কুলে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় জিলা স্কুলের ১৯৫৩ সাল থেকে ২০১৫ পর্যন্ত এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এরপর শুরু হয় প্রীতি সম্মিলনী, মিলনমেলা, স্মৃতিচারণ, প্রীতিভোজ ও র্যা ফল ড্র। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বগুড়ার প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা।