বগুড়া জিলা স্কুলে এসে আবেগতাড়িত মুশফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটার মুশফিকুর রহিম বগুড়া জিলা স্কুল ছেড়েছেন নব্বইয়ের দশকের শেষ দিকে। সপ্তম শ্রেণিতে পড়া অবস্থায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তির সুযোগ পেয়ে জিলা স্কুল ছাড়েন তিনি। ছাড়েন শৈশবের সহপাঠীদের। কিন্তু ক্রিকেট তারকা হয়েও প্রিয় স্কুলকে ভোলেননি।
গতকাল মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানটিতে এসেছিলেন তিনি। শৈশবের সহপাঠী, বন্ধু আর শিক্ষকদের সান্নিধ্য আবেগাপ্লুত করে তোলে এই ক্রিকেট তারকাকে।
অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে সোজা বগুড়ায় নিজ বাড়িতে আসেন মুশফিকুর রহিম। টানা কয়েক দিন ব্যস্ত ছিলেন সংবর্ধনা আর পারিবারিক নানা অনুষ্ঠানে। গতকাল বগুড়া জিলা স্কুলে মুশফিককে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন তাঁর শৈশবের সহপাঠী এবং জিলা স্কুলের ২০০৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘স্বপ্নিল’-এর সদস্যরা। নিজের সব ব্যস্ততা ফেলে দুপুর ১২টায় মুশফিক বগুড়া জিলা স্কুলে ছুটে আসেন পুরোনো সহপাঠী আর বন্ধুদের ভালোবাসার টানে। পুরোনো সহপাঠীরা ফুল দিয়ে মুশফিককে বরণ করে নেন।
স্বপ্নিলের উপদেষ্টা ও বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সামির হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী, স্বপ্নিলের সদস্য রাজীব, নোমান, বাপ্পি, সাথিল, সাফুফ, মুরাদ প্রমুখ। পরে মুশফিককে সম্মাননা দেওয়া হয়।