বগুড়া-জয়পুরহাট দুই সপ্তাহ ধরে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া ও জয়পুরহাটে মালিক-শ্রমিক দ্বন্দ্বের অবসান না হওয়ায় প্রায় দুই সপ্তাহ ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুই পক্ষের অনড় অবস্থান ও প্রশাসনের উদ্যোগ না থাকায় এ পথে বাস পুনরায় চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়ন ও বগুড়া বাস মালিক সমিতি সূত্রের বিবরণ অনুযায়ী, জয়পুরহাট বাস টার্মিনাল দখল করে দুই মাস ধরে ইনডোর গেমসের নামে জুয়া-হাউজি চলছে। এর প্রতিবাদে গত ১৯ জুন বগুড়া মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে জয়পুরহাটের সঙ্গে বাস চলাচল বন্ধ করে দেয়। বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা সরাসরি বগুড়া-জয়পুরহাট চলাচল করতে পারছেন না। জয়পুরহাটের বাস জেলার কালাইয়ের পুনট পর্যন্ত ও বগুড়ার বাস শিবগঞ্জের কিচকের সাদুরিয়া পর্যন্ত চলাচল করছে। মাঝের পথটুকু হেঁটে অথবা ভটভটি ও ভ্যানযোগে চলাচল করছেন যাত্রীরা।
গতকাল মঙ্গলবার ব্যবসার কাজে বগুড়ায় এসেছিলেন জয়পুরহাটের পুনট বাজারের ব্যবসায়ী সফির উদ্দিন। তিনি জানান, দোকানের মালামাল নিতে সপ্তাহে তিন দিন বগুড়ায় আসতে হয়। এখন বাস বন্ধ। অটোরিকশা চলাচলেও বাধা দেওয়া হচ্ছে। বগুড়া থেকে এসব মালামাল ভ্যানে করে নিতে খরচ অনেক বেড়ে যাবে। এ ছাড়া, অন্য কোনো উপায়ও নেই।
কালাইয়ে কর্মরত চাকরিজীবী আবদুল মান্নান বলেন, মালিক-শ্রমিকের দ্বন্দ্বে দুই সপ্তাহ ধরে বাস চলাচল বন্ধ থাকলেও প্রশাসন নির্বিকার। রোজা চলছে, সামনে ঈদ। অথচ বিষয়টি নিয়ে কারও মাথাব্যথা নেই।
কালাইয়ের অটোরিকশাচালক তুহিন মিয়া জানান, বগুড়ার শ্রমিকেরা জয়পুরহাটের কোনো অটোরিকশা সিএনজি পাম্পে যেতে দিচ্ছেন না। দু-একজন যেতে পারলেও পথে পথে শ্রমিকদের চাঁদা দিতে হচ্ছে। গাড়ি চালাতে না পেরে অনেকেই অনাহারে দিন কাটাচ্ছেন।
বগুড়া মোটর মালিক সমিতির সভাপতি শাহ মো. আখতারুজ্জামান বলেন, ‘জয়পুরহাট টার্মিনালে জুয়া-হাউজি চালছে। উপার্জিত অর্থ জুয়ার আসরে উড়িয়ে দিচ্ছিলেন শ্রমিকেরা। মালিকেরা কোনো টাকা পাচ্ছিলেন না। বাধ্য হয়ে বাস চলাচল বন্ধ করা হয়। কয়েক দিন আগে জুয়া বন্ধ হয়েছে। এখন জয়পুরহাটের সঙ্গে আমরা বাস চালু করতে চাই। কিন্তু জয়পুরহাটের মোটর শ্রমিকেরা আমাদের গাড়ি তাঁদের সড়ক-সীমানায় যেতে দিচ্ছেন না। বাধ্য হয়ে আমরা শিবগঞ্জের সাদুরিয়া পর্যন্ত গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছি।’
জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, বগুড়ার বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়ন বাস চলাচল বন্ধ করে দিয়েছে। মেলা বন্ধ হয়েছে, এখন তাদেরই বাস চলাচলের ঘোষণা দিতে হবে। এর পরও কোনো সমস্যা থাকলে আলোচনা করে সমাধান করতে হবে।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক জানান, বাস চালুর জন্য দুই জেলার মালিক-শ্রমিকদের নিয়ে বৈঠকে বসার উদ্যোগ নেওয়া হয়েছে। জয়পুরহাটের পুলিশ সুপারকে ইতিমধ্যে সেখানকার পরিবহন নেতাদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিতে বলা হয়েছে। দু-এক দিনের মধ্যে বিষয়টির সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
জয়পুরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন জানান, উভয় জেলার মালিক ও শ্রমিকনেতাদের সঙ্গে আলোচনা করে বাস চলাচলের দ্রুত উদ্যোগ নেওয়া হবে।