
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ইকবাল মাহমুদ টুকুর উপস্থিতিতেই বগুড়া জেলা বিএনপির এক নেতার ওপর চড়াও হলেন দলীয় নেতা-কর্মীরা। পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় ক্ষুব্ধ নেতা-কর্মীরা এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলমকে দল থেকে বহিষ্কারেরও দাবি তোলেন।
একপর্যায়ে মীর শাহে আলমের পক্ষে-বিপক্ষের নেতা-কর্মীদের মধ্যে হট্টগোল বাধলে ওই নেতা দ্রুত কার্যালয় ত্যাগ করেন। এ সময় তাঁর বিপক্ষের নেতা-কর্মীরা পেছন থেকে ‘ধর ধর’ বলে ধাওয়া করেন।
গতকাল রোববার বগুড়া শহরের নবাববাড়ী সড়কে জেলা বিএনপির কার্যালয়ে ইকবাল মাহমুদের উপস্থিতিতে পৌর নির্বাচনে বিএনপির রাজশাহী বিভাগীয় মনিটরিং সেলের সভা চলাকালে ওই হট্টগোল বাধে। পরে চেয়ারপারসনের উপদেষ্টা দলীয় নেতাদের হুঁশিয়ার করে বলেন, দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বগুড়ার ওই সভায় পৌর নির্বাচনে ‘ভোটকেন্দ্র কমিটি’ গঠনের সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই দিনের মধ্যে নিজ নিজ ওয়ার্ড ও পৌর কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে ভোটকেন্দ্র কমিটি গঠনের জন্য নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটি নিজ নিজ ভোটকেন্দ্রে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে ভোটার উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি কেন্দ্রে যেকোনো ধরনের কারচুপি ও অনিয়মের ঘটনা ঘটলে তা কেন্দ্রীয় মনিটরিং সেলকে অবহিত করবে।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, পৌর নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় সুনিশ্চিত এবং নির্বাচন তদারকি করতে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে মনিটরিং সেল গঠন করে দেওয়া হয়েছে। চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল মাহমুদকে আহ্বায়ক করে গঠিত মনিটরিং সেল বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জসহ পাঁচ জেলায় দলের পক্ষ থেকে নির্বাচনী সমন্বয় করছে। এরই অংশ হিসেবে গতকাল বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে মনিটরিং সেলের সভা ডাকা হয়। সেখানে ইকবাল মাহমুদ ছাড়াও মনিটরিং সেলের সদস্য ও রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন তালুকদার, কেন্দ্রীয় বস্ত্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক হেলালুজ্জামান তালুকদার, বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
দায়িত্বশীল তিন-চারজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে জেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় কেন্দ্রীয় নেতাদের সামনেই জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলমের বিরুদ্ধে শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগ আনা হয়। এ সময় মীর শাহে আলমবিরোধী নেতা-কর্মীরা দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাঁকে বহিষ্কারের দাবি তোলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও হইচই শুরু হলে মীর শাহে আলম সভা শেষ না করেই দ্রুত কার্যালয় ত্যাগ করেন।
সভায় উপস্থিত জেলা বিএনপির সদস্য আবদুল গফুর বলেন, মীর শাহে আলমকে দল থেকে বহিষ্কারের দাবিতে নেতা-কর্মীরা হইচই শুরু করলে অবস্থা বেগতিক দেখে তিনি সভা শেষ না করেই দ্রুত কার্যালয় ত্যাগ করার চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা তাঁকে পেছন থেকে ধাওয়া করেন।
তবে মীর শাহে আলম দাবি করেন, ‘আমাকে কেন্দ্র করে নয়; দলের রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আবদুল মোমিনের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে সভায় হট্টগোল হয়। এ নিয়ে জেলা বিএনপির সদস্য আবদুল গফুর এবং শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুব হোসেনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। সভা শেষ হলে আমি কার্যালয় থেকে বেরিয়ে আসি। পরে সেখানে কী হয়েছে, তা বলতে পারব না।’
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘চেয়ারপারসনের উপদেষ্টার উপস্থিতিতেই জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কিছু নেতা-কর্মীর তোপের মুখে পড়েন। এ সময় তাঁরা মীর শাহে আলমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণেরও দাবি তোলেন। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।’
মুঠোফোনে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করায় সভায় কয়েকজন নেতাকে দল থেকে বহিষ্কারের দাবি তোলা হয়। এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে একটু হট্টগোল হয়েছে। এ ছাড়া বগুড়ায় অনুষ্ঠিত পৌর নির্বাচন মনিটরিং সেলের বৈঠকে দলের পক্ষ থেকে ভোটকেন্দ্র কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এর বেশি কিছু নয়।’