বগুড়া বিএনপির সেই পাঁচ নেতা জামিনে মুক্ত
বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল হামলার মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা। গতকাল রোববার বগুড়ার একটি আদালতে জামিনের আবেদন করলে বিচারক আবেদন মঞ্জুর করেন।
জামিন পাওয়া পাঁচ নেতা হলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মো. মেহেদী হাসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম, ছাত্রদলের সহসভাপতি হাসানুজ্জামান পলাশ এবং জেলা স্বর্ণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু জাকির মো. মিঠু।
ওই পাঁচ নেতার মুক্তির দাবিতে ২৪ ডিসেম্বর থেকে ‘বগুড়া অচল’ কর্মসূচি ঘোষণার পাশাপাশি গত শনিবার জেলায় আধা বেলা হরতাল পালন করেছে বিএনপি।
জামিন পাওয়ার আগে নেতাদের মুক্তির দাবিতে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা শহরের নওয়াবাড়ি সড়কের কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।
জেলা বিএনপির কয়েকজন নেতা-কর্মী জানান, গত ৩ সেপ্টেম্বর শহরের সাতমাথায় বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ককটেল হামলার ঘটনায় জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ ২৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খান। ১১ ডিসেম্বর বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজিরা দিতে গেলে বিচারক ফেরদৌস ওয়াহিদ জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের জামিন মঞ্জুর করে অবশিষ্ট পাঁচ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন পাঁচ নেতার জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাঁচ নেতা মুক্ত হওয়ায় ২৪ ডিসেম্বর থেকে বগুড়া অচলের যে কর্মসূচি দেওয়া হয়েছিল, তা আর প্রয়োজন হবে না।