বগুড়া মেডিকেল খুলছে আজ
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ আবার খুলে দেওয়া হয়েছে আজ রোববার। গতকাল শনিবার বিকেলে কলেজের দুটি আবাসিক ছাত্রাবাস খুলে দেওয়া হয়।
মেডিকেল কলেজটির ছাত্রাবাসের ডাইনিংয়ের কর্তৃত্ব নিয়ে গত মঙ্গলবার রাতে ছাত্রলীগের সংঘর্ষে সাতজন আহত হন। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়। এ পরিপ্রেক্ষিতে পরদিন বুধবার অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়। কর্তৃপক্ষের নির্দেশে ওই দিনই ছাত্রাবাস ত্যাগ করেন শিক্ষার্থীরা।
ছাত্রলীগের সংঘর্ষের কারণে মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে অচলাবস্থার বিষয়টি তুলে ধরে গত শুক্রবার প্রথম আলোতে সম্পাদকীয় ছাপা হয়। সেখানে কলেজটি শিগগির খুলে দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
মেডিকেল কলেজটির অধ্যক্ষ এ কে এম আহসান হাবিব বলেন, গতকাল কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে মেডিকেল কলেজের সব বর্ষের শিক্ষার্থীদের নির্ধারিত ক্লাস পরীক্ষা যথারীতি চলবে। গতকাল বিকেলে আবাসিক ছাত্রাবাসগুলো খুলে দেওয়া হয়।