বগুড়াতেও বিপাকে দুগ্ধ খামারিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা), প্রাণ ডেইরি লিমিটেড এবং ব্র্যাক-আড়ংসহ পাস্তুরিত তরল দুধ বাজারজাতকারী তিনটি প্রতিষ্ঠান বগুড়ার সংগ্রহ কেন্দ্র থেকে দুধ কেনা কমিয়ে অর্ধেকে নিয়ে এসেছে। এতে বিপাকে পড়েছেন বগুড়ার হাজার হাজার দুগ্ধ খামারি। কোম্পানিগুলো সংগ্রহ কমিয়ে দেওয়ায় দুধের বাজারমূল্যে ধস নেমেছে। লোকসানের মুখে পড়েছেন দুগ্ধ খামারিরা।
খামারি প্রশান্ত ঘোষ বলেন, ‘মিল্ক ভিটা-এনজিওর ঋণের টাকায় খামার করেছিলাম। দুধ ব্যাচপার পারিচ্চি না। এনজিও কিস্তি, খামারের খরচ, সংসারের খরচ যোগাপার যায্যা চোখে অন্ধকার দেকিচ্চি।’
খামারি রুনু রানী ঘোষ বলেন, ‘দুধ ব্যাচার টেকায় হামাকেরে সংসার চলে। দুধ ব্যাচপার না পারে সংসার চলাবার পারিচ্চি না।’
সরেজমিনে জানা যায়, ব্র্যাক-আড়ংয়ের বগুড়ার গাবতলী, সোনাতলা ও শিবগঞ্জ—এই তিন উপজেলায় নিজস্ব শীতলীকরণ কেন্দ্র (চিলিং সেন্টার) রয়েছে। অন্যদিকে গাবতলী ও সোনাতলায় রয়েছে মিল্ক ভিটা ও প্রাণ ডেইরির আলাদা দুটি শীতলীকরণ কেন্দ্র।
মিল্ক ভিটার গাবতলী শীতলীকরণ কেন্দ্রের ব্যবস্থাপক বিপ্লব চন্দ্র অধিকারী বলেন, ‘৫০টি দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির প্রায় তিন হাজার খামারির কাছ থেকে মিল্ক ভিটা গড়ে প্রতিদিন সাড়ে পাঁচ হাজার লিটার দুধ কিনত। কিন্তু পাস্তুরিত তরল দুধের বাজার মন্দার কারণে এখন মাত্র ২ হাজার ৮০০ লিটার দুধ সংগ্রহ করা হচ্ছে। প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই দুধ সংগ্রহ কমিয়ে দিতে হয়েছে।’
বগুড়া সদর ও সোনাতলা উপজেলার খামারিদের কাছ থেকে প্রাণ ডেইরি দুধ সংগ্রহ করে স্থানীয় এজেন্টের মাধ্যমে। সোনাতলা উপজেলার এজেন্ট শাহ আলম বলেন, সোনাতলা ও সদরের পীরগাছা দুগ্ধ সংগ্রহ কেন্দ্র থেকে প্রাণ প্রতিদিন গড়ে ১৪ হাজার লিটার দুধ কিনত। এখন কিনছে মাত্র ৭ হাজার লিটার।
মিল্ক ভিটার আকন্দপাড়া দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির ব্যবস্থাপক দিবাকর ঘোষ বলেন, এই সংগ্রহ কেন্দ্র থেকে মিল্ক ভিটা মাসখানেক আগেও প্রতিদিন গড়ে ৯০০ থেকে ১ হাজার লিটার দুধ সংগ্রহ করত। এখন সংগ্রহ করছে মাত্র ২০০ লিটার। তা-ও বিরতি দিয়ে দিয়ে। এখন প্রতিষ্ঠানটি দুধ না কেনায় বিপুল পরিমাণ দুধ অবিক্রীত থেকে যাচ্ছে। বাজারেও দুধের চাহিদা নেই, ক্রেতা নেই। মিল্ক ভিটার সদস্য হওয়ায় অন্য কোনো প্রতিষ্ঠানও এসব খামারির কাছ থেকে দুধ কিনছে না। ফলে দিশেহারা খামারিরা কেউ কেউ শহরে নিয়ে ফেরি করে কম দামে দুধ বিক্রি করছেন। এতে পুঁজি উঠছে না। ’
আকন্দপাড়া দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি পরিতোষ ঘোষ বলেন, ‘খামারের দুধ বিক্রি করে এখানকার শতাধিক পরিবারের সংসার চলে। কিন্ত কোম্পানিগুলো ঠিকমতো দুধ না কেনায় ঠিকমতো দাম না পেয়ে অনেকের সংসার প্রায় অচল হয়ে পড়েছে। ফেরি করে এক লিটার দুধ বিক্রি করে ২৫ টাকার বেশি মিলছে না। অথচ প্রতি লিটার দুধের উৎপাদন খরচ এখন প্রায় ৩০ টাকা।’