বগুড়ায় আনওয়ার আহমদ স্মরণসভা
কবি ও সাংবাদিক আনওয়ার আহমদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বগুড়ায় স্মরণসভা হয়েছে। সমসাময়িক কবি ও লেখকেরা এই স্মরণসভায় উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের উডবার্ন পাবলিক মিলনায়তনে গতকাল কবি আনওয়ার আহমদের এই স্মরণসভার আয়োজন করে বগুড়া লেখক চক্র। লেখক চক্রের উপদেষ্টা বজলুল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কবি মুহম্মদ শহীদুল্লাহ, রেজাউল করিম চৌধুরী, শোয়েব শাহরিয়ার, সাহিত্যিক ও গবেষক আহমাদ মাযহার, গল্পকার মনি হায়দার, দৈনিক করতোয়া পত্রিকার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, বগুড়ার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আবদুল্লাহেল কাফী ও এ বি এম জিয়াউল হক, বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান প্রমুখ।
বক্তারা বলেন, আন্ওয়ার আহমদ সারা জীবন নিঃস্বার্থভাবে সাহিত্যের ভান্ডারকে সমৃদ্ধ করে গেছেন। আজকের বহু তরুণ লেখক তাঁর হাত ধরে সাহিত্যাঙ্গনে এসেছেন। তিনি একজন সফল ‘লিটল ম্যাগাজিন’ সম্পাদক ছিলেন। এ বছর লিটল ম্যাগাজিন বৈঠার সম্পাদনার জন্য কবি শিয়াব শাহরিয়ারকে ‘আনওয়ার আহমদ স্মৃতিপদক’ দেওয়া হয়েছে।
বগুড়ায় জন্মগ্রহণকারী কবি আনওয়ার আহমদ ২০০৩ সালের ২৪ ডিসেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।