বগুড়ায় আন্তস্কুল নৃত্য উৎসব অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নৃত্য: মুদ্রায় মুদ্রায় অনিঃশেষ জীবনায়ন’ স্লোগান নিয়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার দিনব্যাপী বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে আন্তস্কুল নৃত্য উৎসব। বাংলাদেশ গ্রাম থিয়েটারের শিশু সংগঠন ‘ভোর হলো’র আয়োজনে জেলা প্রশাসন ও বগুড়া লিটল থিয়েটারের সহযোগিতায় আন্তস্কুল নৃত্য উৎসব অনুষ্ঠিত হয়।
বগুড়ার টিটু মিলনায়তনে গতকাল সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজামেঞ্চল হক। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিম, বেসরকারি পলিটেকনিক বিটের অধ্যক্ষ শাহাবুদ্দিন সৈকত, কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী প্রমুখ।
শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশের লক্ষ্যে আন্তস্কুল নৃত্য উৎসবে জেলার ৩০টি বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থী অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানের পরেই শুরু হয় নৃত্য প্রতিযোগিতা। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ইয়ুথ কয়্যারের পরিচালক তৌফিকুল আলম, নৃত্য প্রশিক্ষক আলো রানী মৈত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের খণ্ডকালীন শিক্ষক মোহন মৈত্র। সন্ধ্যায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ভোর হলো’র জেলা সমন্বয়ক তাছলিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান স্বাগত বক্তব্য দেন।