বগুড়ায় উচ্ছেদের পর আবার দখল করতোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করতোয়া নদীর পাড় থেকে উচ্ছেদ করার কিছুদিনের মধ্যে আবার সেখানে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। ছবিটি গতকাল বগুড়া শহরের নওয়াববাড়ি সড়কের কেন্দ্রীয় ঘাট এলাকা থেকে তোলা। (ইনসেটে) গত ২৪ মার্চ এখান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় l সোয়েল রানা
করতোয়া নদীর পাড় থেকে উচ্ছেদ করার কিছুদিনের মধ্যে আবার সেখানে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। ছবিটি গতকাল বগুড়া শহরের নওয়াববাড়ি সড়কের কেন্দ্রীয় ঘাট এলাকা থেকে তোলা। (ইনসেটে) গত ২৪ মার্চ এখান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় l সোয়েল রানা

বগুড়ার করতোয়া নদী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে এক বছর আগে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সম্প্রতি কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসন। কিন্তু দখলমুক্ত জায়গা আবারও নিজেদের দখলে নিয়েছেন পুরোনো দখলদারেরা।
এদিকে করতোয়া দূষণ রোধে নদীতে বর্জ্য ফেলা বন্ধ ও বর্জ্য অপসারণে বগুড়া পৌরসভাকে দেওয়া হাইকোর্টের নির্দেশ এক বছরেও বাস্তবায়ন করা হয়নি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালীতে নির্মিত খুলসী জলকপাটের পরিবেশগত প্রভাব নির্ণয়ের জন্য পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) হাইকোর্ট নির্দেশ দিলেও এক বছরেও তা পালন করা হয়নি।
বগুড়ায় অবস্থিত পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, করতোয়া থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বর্জ্য অপসারণ ও ১১৬ কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীর পানি প্রবাহ অব্যাহত রাখতে খুলসী জলকপাট অপসারণ চেয়ে গত বছরের ২২ জুন হাইকোর্টে রিট করেছিল বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। হাইকোর্টের একটি বেঞ্চ তখন জেলা প্রশাসকসহ ২১ বিবাদীর বিরুদ্ধে রুল জারি করেন।
রুলের জবাব চাওয়া হয়েছিল পাঁচ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, বগুড়া ও গাইবান্ধার জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর ও পাউবোর মহাপরিচালক এবং বগুড়ার পরিচালক, নির্বাহী প্রকৌশলীসহ সরকারের ২১ কর্মকর্তার কাছে।
সূত্র আরও জানায়, রিটের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে আদালতের আদেশ বাস্তবায়নে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চাওয়া হয়েছিল পাউবো ও জেলা প্রশাসনের কাছে। জবাবে গত বছরের ২১ জুলাই বগুড়া পাউবোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়, আদালতের আদেশে পাউবোকে খুলসী জলকপাটের পরিবেশগত প্রভাব নিরূপণ করতে বলা হয়েছে। কিন্তু বাজেট ও দক্ষ জনবল না থাকায় পাউবোর পক্ষ থেকে পরামর্শক নিয়োগ চেয়ে পাউবোতে চিঠি পাঠানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা প্রশাসন শহরের এসপি ঘাট থেকে চেলোপাড়া পর্যন্ত অংশে মাত্র ২৭ জন অবৈধ দখলদার চিহ্নিত করে। এই দখলদারেরা হলেন বগুড়ার বেসরকারি সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) ও সহযোগী প্রতিষ্ঠান বিল্ডিং কনস্ট্রাকশন লিমিটেডের (বিসিএল) সুপার শপ, বগুড়া ডায়াবেটিক সমিতি, ব্যবসায়ী শংকর প্রসাদ, আরাবিয়াতুল সালাফিয়া ওয়া হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদ মোবারক ফতেহ আলী, শ্রীশ্রী জিউ বিগ্রহ গোপীনাথ মন্দির, আবুল কালাম আজাদ, খয়রতজ্জামান, রাধা প্রসাদ, আবদুস সোবহান, কানাইলাল বসাক, এ কে এম ফজলুর রহমান, মুক্তার হোসেন, প্রদীপ কুমার রায়, আবদুল জলিল, সাইফুল ইসলাম, লাভলী বেগম, আবুল হোসেন, বজলার রহমান, কাশেম আলী, গোলাম মোস্তফা, কৃষ্ণা সাহা, আরতি রানি, আনন্দ কুমার, সঞ্জীব কুমার বিহানী, জোবাইদুল ইসলাম, মাজেদ হোসেন, মতিয়ার রহমান ও ফরিদ উদ্দিন।
এসব দখলদার উচ্ছেদের জন্য পাঁচ লাখ টাকা বরাদ্দ চেয়ে গত বছরের ২৮ ডিসেম্বর ভূমি মন্ত্রণালয়ে চিঠি দেন জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন। এতে উল্লেখ করা হয়, করতোয়া নদীর অবৈধ স্থাপনা অপসারণে ২৭টি উচ্ছেদ মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ছয়টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাকি ২১টি স্থাপনা উচ্ছেদে ৫ লাখ টাকা বরাদ্দ প্রয়োজন। ওই টাকা বরাদ্দ আসার পর গত ২৪ মার্চ একজন নির্বাহী হাকিমের উপস্থিতিতে টিএমএসএসসহ কয়েকটি প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা উচ্ছেদে করা হয়।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, দখলমুক্ত জায়গা আবারও দখল নেওয়া হয়েছে। টিএমএসএস মহিলা মার্কেটের ভেঙে দেওয়া অংশের জায়গা টিন দিয়ে আবার ঘিরে রাখা হয়েছে। আনন্দ কুমারের ভেঙে দেওয়া স্থাপনার জায়গায় আবার অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। একই চিত্র দেখা গেছে মাটিডালি বাজারসংলগ্ন সেতুর পাশে। এখানেও ভেঙে দেওয়া অবৈধ স্থাপনার জায়গা টিন দিয়ে ঘিরে নিয়েছেন আগের দখলদার।
এদিকে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় গত বছরের ২৫ জুলাই হাইকোর্টে করতোয়ার সার্বিক চিত্র নিয়ে প্রতিবেদন দাখিল করেছে। তাতে উল্লেখ করা হয়েছে, খুলসী জলকপাট খোলা থাকলেও ওপাশে ৭০০ মিটার অংশ ভরাট থাকায় প্রায় ২৫ বছর ধরে পানির প্রবাহ বন্ধ রয়েছে। বগুড়া পৌরসভা নদীতে ফেলা বর্জ্য অপসারণ করেনি। বর্জ্য অপসারণে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চাওয়া হলেও পৌরসভার মেয়র তা জানাননি। একইভাবে চিঠির সাড়া দেননি গাইবান্ধার জেলা প্রশাসক ও সেখানকার পাউবোর নির্বাহী প্রকৌশলী।
তবে বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহাবুবর রহমান দাবি করেন, আদালতের নির্দেশ অনুযায়ী করতোয়া দূষণ রোধে পৌরসভার পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক এ কে এম মাসুদুজ্জামান বলেন,সরেজমিনে দেখা গেছে, জেলা প্রশাসন কর্তৃক করতোয়ার সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে পরবর্তী সময়ে আবারও তা দখল হয়েছে।
বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন বলেন, খুব দ্রুতই এসব অবৈধ দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।