বগুড়ার বাজার থেকে কার্যত উধাও হয়ে গেছে সরকারি এলপি গ্যাসের (লিক্যুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার। এতে ক্রেতাদের দ্বিগুণ দামে বেসরকারি প্রতিষ্ঠানের গ্যাস কিনতে হচ্ছে।
ভোক্তাদের অভিযোগ, প্রতি মাসে নির্ধারিত চাহিদার অনেক কম সরকারি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়। আর এরও বেশিরভাগ বেশি দামে কালোবাজারে বিক্রি করেন সরকারি ডিলাররা। তবে বাজারে এই সিলিন্ডার পাওয়া না যাওয়ার বিষয়ে সরকারের নিয়ন্ত্রণাধীন তিনটি বাজারজাতকারী প্রতিষ্ঠান দায়ী করছে সরবরাহের অভাবকে।
সরকারি পর্যায়ে এলপি গ্যাস বাজারজাত করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বিপিসি তার নিয়ন্ত্রণাধীন পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল—এই তিনটি কোম্পানির মাধ্যমে বিভিন্ন আঞ্চলিক ডিপোতে তা সরবরাহ করে।
সূত্রগুলো জানায়, সিলিন্ডারে গ্যাস কম দেওয়া বা ফাঁকি বন্ধ, পুরোনো সিলিন্ডার বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করাসহ কয়েকটি দাবিতে দুমাস আগে বিপিসির তিন কোম্পানির ডিলাররা উত্তরাঞ্চলে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকেন। তখন থেকেই বগুড়ার বাজার থেকে সরকারি এলপি গ্যাস উধাও হওয়া শুরু। রোজার মাস সামনে রেখে ডিলাররা ধর্মঘট স্থগিত করলেও গ্যাস সিলিন্ডার এখনও সোনার হরিণ। রোজায় চাহিদা বেড়ে যাওয়ায় বেশি টাকা দিয়েও তা মিলছে না। এ সুযোগে বেসরকারি কোম্পানির প্রতি সিলিন্ডার ৫০ থেকে ১০০ টাকা বেশি দামে বিক্রি করছেন ডিলাররা। এই গ্যাস ১২০০ থেকে ১৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
রাজশাহী বিভাগীয় এলপি গ্যাস পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক আহসানুল রশিদ সরকারি গ্যাস সিলিন্ডার বাজারে না থাকার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, উত্তরাঞ্চলে সাড়ে ৫০০ ডিলারের চাহিদা মাসে ৪০-৫০ হাজার। অথচ পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল সর্বোচ্চ ছয়-সাত হাজার সিলিন্ডার সরবরাহ করে। উত্তরাঞ্চলে মাসে এলপি গ্যাসের চাহিদা এক লাখ সিলিন্ডারের বেশি।
আহসানুল রশিদ অভিযোগ করেন, ভোক্তারা সাশ্রয়ী মূল্যে সরকারি গ্যাস ব্যবহার করতে পারেন। অন্যদিকে বেসরকারি কোম্পানির সিলিন্ডার কিনতে গুনতে হয় প্রায় দ্বিগুণ দাম। অথচ সরকারি এলপি গ্যাসের বাজার নষ্ট করার ‘চক্রান্তে লিপ্ত’ খোদ ওই তিন কোম্পানিরই কতিপয় কর্মকর্তা। তিনি আরও অভিযোগ করেন, সরকারি সিলিন্ডারে গড়ে সাড়ে ১২ কেজি গ্যাস থাকার কথা থাকলেও দীর্ঘদিন এতে গ্যাস মিলছে অর্ধেকের কম। প্রতি সিলিন্ডার থেকে চুরি যাচ্ছে গড়ে ৪০০ টাকার গ্যাস। তিনি বলেন, ‘ভোক্তাদের স্বার্থে গ্যাস চুরি বন্ধে আমরা আন্দোলন করছি। রোজার মাসে আন্দোলন স্থগিত করা হলেও পরে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
ভোক্তাদের কথা: বগুড়া শহরের জলেশ্বরীতলার গৃহবধূ শামিমা নাসরিন জাহান বলেন, ‘নতুন বাসা করেছি। এখনো গ্যাস সংযোগ পাইনি। এক বছর ধরে রান্নার কাজে এলপি গ্যাস ব্যবহার করছি। বাজারে ধরনা দিয়েও কোনো মাসে সরকারি সিলিন্ডার কিনতে পারিনি। এতদিন বেসরকারি প্রতিষ্ঠানের গ্যাস ব্যবহার করলেও রোজায় ওই গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১০০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে।’ শহরের খান্দার এলাকার চাকরিজীবী মাসুদ করিম বলেন, ‘এক সিলিন্ডার সরকারি গ্যাসের দাম ৭০০ টাকা। সেখানে বেসরকারি কোম্পানির গ্যাসের সিলিন্ডার কিনতে ১২০০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে।’
রাজশাহী এলপি গ্যাস পরিবেশক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম খান বলেন, দুই মাস ধরে আন্দোলনের কারণে ডিলারদের গুদামে সরকারি গ্যাসের সিলিন্ডার নেই। তবে বেসরকারি কোম্পানির সিলিন্ডারের কোনো সংকট নেই। তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে বেশি দামে গ্যাস বিক্রি হতে পারে।
তিন কোম্পানির বক্তব্য: বাজারে সরকারি সিলিন্ডার না থাকার বিষয়টিকে গুরুত্ব দেননি পদ্মা অয়েলের সহকারী মহাব্যবস্থাপক শহীদউদ্দিন আহমেদ। তিনি বললেন, ‘সরকারি সিলিন্ডার বাজারে নেই তো কী হয়েছে? বেসরকারি কোম্পানির সিলিন্ডার তো প্রচুর রয়েছে। ক্রেতাদের কোনো সমস্যা নেই।’
সরকারি সিলিন্ডারের অভাবে ভোক্তাদের দ্বিগুণ দামে বেসরকারি কোম্পানির সিলিন্ডার কিনতে হচ্ছে, জানালে এই কর্মকর্তার সাফ জবাব, ‘তাতে সাংবাদিকদের তো কোনো সমস্যা নেই।’ সিলিন্ডারে গ্যাস কম থাকার অভিযোগের ব্যাপারে তিনি দাবি করেন, আগে এ রকম ঘটনা ঘটলেও এখন তা নেই।
মেঘনা অয়েলের ব্যবস্থাপক স্বপন কুমার নন্দী বলেন, ‘সরকারি সিলিন্ডারের চাহিদা অনেক। মেঘনা অয়েল চাহিদার সামান্যই সরবরাহ করতে পারে। কারণ তাকে রেকর্ড পরিমাণ সিলিন্ডার সরবরাহ করতে হয় সেনানিবাস এলাকায়। এরপরও চলতি মাসে উত্তরাঞ্চলের ডিলারদের ৩৭৩টি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। এখন সাধারণ ভোক্তারা গ্যাস না পেলে তা দেখার দায়িত্ব প্রশাসনের।’
সিলিন্ডার না থাকার ব্যাপারে যমুনা অয়েল, বগুড়ার সহকারী মহাব্যবস্থাপক (বিক্রয়) আনোয়ারুল ইসলাম বলেন, এ মাসে অনেক চাহিদা থাকলেও উত্তরাঞ্চলের ডিলারদের ১৪৪০টি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। তিনি আরও বলেন, ‘সিলিন্ডার ত্রুটিপূর্ণ হওয়ার কারণে অনেক সময় গ্যাস বের হয়ে যায়। তখন ওজনেও কম থাকে। যমুনা অয়েল এ ধরনের বেশ কিছু সিলিন্ডার বাতিল করেছে। এখন যেসব সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে সেগুলোতে সঠিক ওজনের গ্যাস রয়েছে।’