বগুড়ায় এ কার্যক্রমে অভাবনীয় সাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে বাংলা ভাষার শব্দভান্ডারকে সমৃদ্ধ করতে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি বাংলা) ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) যৌথ উদ্যোগে স্বাধীনতা দিবসে বগুড়ায় ‘বাংলার জন্য চার লাখ’ কার্যক্রমে অভাবনীয় সাড়া মিলেছে।
গতকাল সকাল ১০টায় শহরের সাতমাথায় স্বেচ্ছাসেবীরা ল্যাপটপ, ট্যাব ও মুঠোফোন নিয়ে গুগল ট্রান্সলেটে শব্দযোগ কার্যক্রম শুরু করেন। সেই সঙ্গে এই কার্যক্রমে অংশ নিতে সবাইকে উদ্বুদ্ধ করতে চলে প্রচারাভিযান।
দিনব্যাপী এ কার্যক্রমে স্বেচ্ছাসেবীদের সঙ্গে যোগ দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বেলা ১১টায় গুগল ট্রান্সলেটে শব্দ যুক্ত করার কার্যক্রমে যোগ দেয় বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা স্বেচ্ছাসেবীদের কাছ থেকে শব্দ যুক্ত করার কৌশল জেনে নিয়ে স্বেচ্ছাসেবীদের সঙ্গে শব্দ যোগ করার মহাযজ্ঞে নেমে পড়ে।
স্বেচ্ছাসেবীদের আরেকটি দল কার্যক্রমকে সফল করতে সরকারি আজিজুল হক কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে প্রচারপত্র বিলি ও গুগল ট্রান্সলেটে বাংলা শব্দ যোগ করতে প্রচারাভিযান চালায়।
দিনব্যাপী এ কার্যক্রমে স্বেচ্ছাসেবীদের সঙ্গে যুক্ত হয়ে গুগলে শব্দভান্ডার সমৃদ্ধ করার মহোৎসবে অংশ নেন বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, প্রথম আলোর বগুড়া প্রতিনিধি আনোয়ার পারভেজ ও অফিস ব্যবস্থাপক শরিফুল ইসলাম।
গতকাল ‘বাংলার জন্য চার লাখ’ কার্যক্রমে স্বেচ্ছাসেবী দলটির নেতৃত্ব দেন ফিরোজ আলম, শাহিকুল ইসলাম, ফয়সাল কবির, হিজবুন দ্যুতি, আবু সুফিয়ান, মার্জিয়া মেহেজাবীন, তামান্না তানভীর প্রমুখ।