বগুড়ায় ওষুধ দোকানিদের ধর্মঘট
গাছ থেকে পড়ে হাত ভেঙে যাওয়া পাঁচ বছরের ছেলে আহসান হাবিবকে চিকিৎসা করাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা গ্রাম থেকে বগুড়ায় এসেছেন আনোয়ার হোসেন। ছেলেকে ভর্তি করেছেন বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে।
গতকাল রোববার দুপুরে ছেলের অস্ত্রোপচার হওয়ার কথা। চিকিৎসকেরা তাঁর হাতে একটি ওষুধের তালিকা ধরিয়ে দেন। আর বলেন, দুপুর ১২টার মধ্যে অস্ত্রোপচার কক্ষে এসব ওষুধ প্রস্তুত রাখতে। বেলা ১১টা থেকে ওষুধের দোকানের খোঁজে এখানে-ওখানে ছুটে বেড়ান আনোয়ার। কিন্তু শহরজুড়ে একটি ওষুধের দোকানও খোলা নেই। দুপুর ১২টার দিকে মোহাম্মদ আলী হাসপাতালের কাছে বন্ধ একটি দোকানের সামনে দাঁড়ানো একজনকে তালিকার ওষুধগুলো দেওয়ার জন্য নিষ্ফল অনুনয়বিনয় করেন আনোয়ার। তিনি বলেন, ‘আজব শহর বাহে! অ্যালায় তন্ন তন্ন করি অ্যাকটা ওষুধের দোকান খুঁজবার নাগিচ্চু। একখান ওষধ জোগাড় করবার পারিচ্চু না।’
শুধু আনোয়ার নন, রোগীর জন্য ওষুধ কিনতে এসে দোকান বন্ধ পেয়ে গতকাল এমন বিপাকে পড়েছেন তাঁর মতো অনেকে। ঔষধ প্রশাসনের এক কর্মকর্তার অপসারণের দাবিতে জেলার ওষুধ ব্যবসায়ীরা দুই ঘণ্টা দোকান বন্ধ রেখে সমাবেশ করায় মুমূর্ষু রোগীর ওষুধ কিনতে এসে স্বজনদের এমন বিপাকে পড়তে হয়। জেলা শহরসহ ১২টি উপজেলা সদর ও গুরুত্বপূর্ণ স্থানে দোকান বন্ধ রেখে ব্যবসায়ীরা এই আন্দোলন কর্মসূচি পালন করেন। এদিকে বগুড়া জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ঔষধ প্রশাসনের বগুড়ার তত্ত্বাবধায়ক সুকর্ণ আহমেদকে দ্রুত বগুড়া থেকে প্রত্যাহার করে নেওয়ার দাবিতে ওষুধ ব্যবসায়ীরা গতকাল বেলা ১১টা থেকে একটা পর্যন্ত জেলার সব দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করেন। এ সময় তাঁরা শহরের কবি নজরুল ইসলাম সড়কের খান মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ করেন।
জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফি নেওয়াজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের নেতারা বক্তৃতা করেন। তাঁরা বলেন, সমিতির নেতাদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা এবং বিতর্কিত ওষুধ তত্ত্বাবধায়ককে অবিলম্বে প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, সোনাতলা উপজেলার বালুয়াহাট বাজারের নাসিমা ফার্মেসি নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালান এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করার পর ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক আদালতে মামলা করেন। এ ঘটনার জের ধরে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কয়েকজনের বিরুদ্ধে ঔষধ প্রশাসনের কার্যালয়ে হামলা চালিয়ে মারধর এবং ক্যামেরা ও মডেম ছিনতাইয়ের অভিযোগ তুলে সুকর্ণ আহমেদ গত বৃহস্পতিবার সদর থানায় মামলা করেন। এর প্রতিবাদে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতারা শুক্রবার সংবাদ সম্মেলন করে সুকর্ণ আহমেদকে বদলির দাবি জানান।