বগুড়ায় ওষুধ ব্যবসায়ীদের দোকান বন্ধের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলায় সব ওষুধের দোকান আগামীকাল রোববার বন্ধ রাখা এবং আজ শনিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতিসহ নেতাদের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে তাঁরা এ কর্মসূচি ঘোষণা করেন।
বগুড়া প্রেসক্লাবে গতকাল শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে সমিতির সহসভাপতি জিয়াউল হক এ ঘোষণা দেন। মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করতে গিয়ে ড্রাগ সুপার অবরুদ্ধ, সেই ঘটনায় মামলা হওয়ায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফি নেওয়াজ খান রবিনের নেতৃত্বে কার্যালয়ে হামলা ও সুপারকে মারধর করা হয়। এ ঘটনায় ফের মামলা করা হলে সমিতি এ কর্মসূচি ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে জিয়াউল হক বলেন, আগামী সাত দিনের মধ্যে জেলা ড্রাগ সুপারের এ মামলা প্রত্যাহার করতে হবে। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে বগুড়াসহ সারা দেশে ওষুধ ব্যবসায়ীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। আজ মিছিল এবং আগামীকাল বেলা ১১টা থেকে একটা পর্যন্ত জেলার সব ওষুধ ব্যবসায়ী তাঁদের দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানাবেন। ওষুধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপারের) সুকর্ণ আহমেদের নেতৃত্বে ৯ সেপ্টেম্বর সন্ধ্যা পৌনে সাতটার দিকে একটি দল অভিযানে যায়।
তারা এ সময় সোনাতলার বালুয়া বাজারের নাসিমা ফার্মেসিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে। এ সময় নাসিমা ফার্মেসির মালিক ও তাঁর লোকজন ড্রাগ সুপারকে অবরুদ্ধ করে রাখেন। পরে ইউএনও একদল পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রাগ সুপারকে উদ্ধার করেন। এ ঘটনায় ফার্মেসির মালিকের বিরুদ্ধে সোনাতলা থানায় মামলা করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত মঙ্গলবার বগুড়া জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি ও বগুড়া শহর আওয়ামী লীগের নেতা রফি নেওয়াজ খান একদল সন্ত্রাসী নিয়ে শহরের জলেশ্বরীতলায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের বগুড়ার তত্ত্বাবধায়কের কার্যালয়ে ঢোকেন। এরপর ড্রাগ সুপার সুকর্ণ আহমেদের কক্ষে ঢুকে তাঁকে মারধর ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। সন্ত্রাসীরা তাঁর টেবিলে রক্ষিত ল্যাপটপ, ক্যামেরা, ইন্টারনেটের মডেমসহ বিভিন্ন মালামাল লুটে নেয়। ঘটনার সময় বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া বাজারের নাসিমা ফার্মেসির মালিক শাহজাহান হামলাকারীদের সঙ্গে ছিলেন। এ ঘটনায় ড্রাগ সুপার জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতিসহ বেশ কয়েকজনের নামে সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর বিক্ষুব্ধ হয়ে উঠেছেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতারা।