বগুড়ায় কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন
বগুড়ায় যানবাহনে অগ্নিসংযোগ ও নাশকতা মোকাবিলায় আজ বৃহস্পতিবার থেকে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। গতকাল বুধবার বগুড়ার র্যাব-পুলিশের সঙ্গে বৈঠকের সময় রাজশাহী বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমদ এবং পুলিশের রাজশাহী বিভাগের উপমহাপরিদর্শক ইকবাল বাহার মহাসড়কে নাশকতা বন্ধের জন্য সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে প্রথম দফায় বগুড়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পুলিশ,র্যাব, বিজিবিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বিভাগীয় কমিশনার বৈঠক করেন। পরে দ্বিতীয় দফায় বিকেলে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ডিআইজি বৈঠক করেন। এসব বৈঠকে মহাসড়কে নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, নাশকতা মোকাবিলায় অতি ঝুঁকিপূর্ণ পয়েন্টে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন, মহাসড়কে র্যাব-পুলিশ, বিজিবির টহল জোরদারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে তাঁরা আজ (বৃহস্পতিবার) থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেন।
বৈঠকের পর গতকাল থেকেই মহাসড়কে বিজিবি ও র্যাব-পুলিশের টহল আরও জোরদার করা হয়েছে। এতে মহাসড়কে যান চলাচল অন্যান্য দিনের চেয়ে স্বাভাবিক থাকলেও সন্ধ্যা পর্যন্ত কোনো ধরনের নাশকতার ঘটনা ঘটেনি। তবে রাত আটটার দিকে সদর উপজেলার মহাস্থান এলাকায় একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
মহাসড়ক ঘুরে দেখা গেছে, যানবাহনে নাশকতা ঘটানো হয়—এমন স্পর্শকাতর জায়গাগুলোতে পুলিশের সতর্ক অবস্থান এবং র্যাব-বিজিবির টহল অন্য দিনের চেয়ে জোরদার ছিল।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে যা যা করা দরকার, পুলিশকে যতটা কঠোর হওয়া দরকার, দুটি বৈঠকেই পুলিশকে সেই অবস্থান গ্রহণ করতে বলা হয়েছে। এ ছাড়া বিভাগীয় কমিশনারের বৈঠকে যানবাহনে নাশকতাকারী ও পেট্রলবোমা হামলাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জনপ্রতিনিধি, উপজেলা পরিষদ ও ইউপি চেয়ারম্যানসহ সামাজিক-পেশাজীবী নেতাদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে। তিনি আরও জানান, মহাসড়ক নিরাপদ রাখা এবং নিরাপদে যান চলাচল নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে বগুড়ার পুলিশকে যতটা কঠোর হওয়া দরকার, ততটাই কঠোর হবে।