পুলিশের দাবি সম্পত্তির লোভে হত্যা, ভিন্ন কথা ভাইয়ের
বগুড়ায় কলেজছাত্র হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ছাত্র জাহিদ হাসান ওরফে জয় (১৭) খুনের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তার বড় ভাই আল ফারুক ওরফে জেমস্্সহ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করছে।
পুলিশ বলছে, পৈতৃক সম্পত্তি এককভাবে ভোগদখল করার উদ্দেশে ফারুক তাঁর ছোট ভাইকে খুন করিয়েছেন। তবে ফারুক বলছেন, তাঁর অমতে জাহিদ বিয়ে করায় তিনি তাকে হত্যার পরিকল্পনা করেন। ভালোবেসে দেড় মাস আগে বিয়ে করে জাহিদ।
গত রোববার রাত সাড়ে নয়টার দিকে বগুড়া শহরতলির বেজোড়া জামতলা এলাকা থেকে জাহিদের লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিল। তার গ্রামের বাড়ি নওগাঁর রাণীনগর উপজেলার দুধিয়া গ্রামে।
ফারুক ছাড়া গ্রেপ্তার হওয়া বাকি দুজন হলেন সুজন মাহমুদ ওরফে সৌরভ (২২) ও আবদুল মান্নান (৩৫)। মান্নানকে রোববার রাত ১১টায় আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী গতকাল সোমবার সকালে ফারুক ও সুজনকে আটক করে পুলিশ। পরে নিহত জাহিদের চাচা নূর ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
দুধিয়া গ্রামের কয়েকজন জানান, ফারুক বদমেজাজি। শুধু সম্পত্তি পাওয়ার লোভ নয়, ছোট ভাইয়ের স্ত্রীর ওপর আকর্ষণ থেকেও এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন ফারুক। ফারুক সাংবাদিকদের বলেন, নীচু পরিবারের মেয়েকে বিয়ে করায় রাগে-ক্ষোভে ভাড়াটে খুনিকে সঙ্গে নিয়ে একমাত্র ছোট ভাইকে আমের রসে চেতনানাশক মিশিয়ে খাওয়ান তিনি। পরে শ্বাসরোধে হত্যা করে লাশ মাইক্রোবাস থেকে সড়কে ফেলে দেন। এরপর ওই লাশের ওপর দিয়ে মাইক্রোবাস চালানো হয়। গতকাল বগুড়ার গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফারুক এসব কথা বলেন।
ফারুক দাবি করেন, জাহিদকে খুন করতে পাঁচ হাজার টাকায় তিনি ভাড়া করেন সন্ত্রাসী সুজন মাহমুদকে। বিয়ের কনে দেখতে যাওয়ার কথা বলে রোববার সন্ধ্যায় জাহিদকে ডেকে নেন। মাইক্রোবাসে তুলে নেওয়ার পর সুজন জুসের সঙ্গে ১০টি ঘুমের বড়ি মিশিয়ে জাহিদকে খেতে দেন। একপর্যায়ে গামছা দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করেন সুজন।
সংবাদ সম্মেলনে বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) গাজিউর রহমান জানান, রাতে জাহিদ হাসানের লাশ উদ্ধারের পরপরই গ্রেপ্তার অভিযানে নামা হয়। অভিযান চলে সকাল পর্যন্ত। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়। আটক করা হয় এ কাজে ব্যবহূত মাইক্রোবাসটিও। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল ফারুক ও সুজন মাহমুদ দুজনই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
জাহিদের দুই চাচা নূর ইসলাম ও রফিকুল ইসলাম মামলা দায়েরের আগে গতকাল ডিবি কার্যালয়ে সাংবাদিকদের জানান, সম্পত্তির লোভে তাঁদের বড় ভাতিজা একমাত্র ছোট ভাইকে খুন করতে পারেন এটা তাঁরা বিশ্বাস করেন না। নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে।