বগুড়ায় চার বিশিষ্টজন পেলেন সম্মাননা
মুক্তিযুদ্ধ, শিক্ষা ও গবেষণা, সাংবাদিকতা এবং সমাজসেবায় অনন্য অবদান রাখায় এবার চার গুণীজনকে সম্মাননা দিয়েছে বগুড়ার জাহান আরা-লুৎফর রহমান ফাউন্ডেশন।
গত মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের করতোয়া মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্টদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা রাখায় এবার শহীদ মুক্তিযোদ্ধা খন্দকার আবু সুফিয়ান (মরণোত্তর), শিক্ষা ও গবেষণায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান, সাংবাদিকতায় দীপংকর চক্রবর্তী (মরণোত্তর) এবং সমাজসেবায় দিবালোক সিংহকে সম্মাননা দেওয়া হয়েছে। ওই চারজন ছাড়াও এসএসসিতে কৃতিত্বপূর্ণ ফলাফল করায় মৃত্তিকা ইসলাম এবং প্রীতি রানী নামের দুই শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা জানানো হয়েছে।
ফাউন্ডেশনের সভাপতি মাসুদার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক ও বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ফরিদ, মুক্তিযোদ্ধা আরশাদ সায়ীদ, শিক্ষাবিদ শ্যামল ভট্টাচার্য, সাংবাদিক সমুদ্র হক, জে এম রউফ, খুরশীদ রহমান প্রমুখ।