বগুড়ায় ট্রাকচাপায় নিহত ৪
বগুড়া সদর উপজেলার বাঘুপাড়া বাজার এলাকায় ঢাকা- রংপুর মহাসড়কে রড বোঝাই একটি ট্রাকের চাপায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। আজ শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বগুড়া জেলার পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হকের ভাষ্য, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রাকটি রংপুরের দিকে যাচ্ছিল। বাঘুপাড়া বাজারে দ্রুতগামী ট্রাকটি একটি গাড়িকে পাশ কাটানোর সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি মহাসড়কের পাশের লোকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ও টিএমএসএস হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।
এসপি মোজাম্মেল হকের ভাষ্য, এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয়ের ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতাল দুটিতে অন্তত সাতজন চিকিৎসাধীন রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার পর ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন কয়েক ঘণ্টা মহাসড়কটি অবরোধ করে রাখে। এতে কয়েক শ যানবাহন মহাসড়কে আটকা পড়ে। বেলা সাড়ে ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।