বগুড়ায় ট্রাকের ধাক্কায় তিন যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার শাজাহানপুর উপজেলার রাধারঘাট এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছে। আজ বুধবার রাত সাড়ে নয়টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

নিহত যুবকেরা হলেন শাজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের সাদ্দাম হোসেন (২৬) ও রাশেদ মিয়া (২৮) এবং বৃকুষ্টিয়া গ্রামের আবু হাসান (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে তিন যুবক বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-রংপুর মহাসড়কের রাধারঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সামনের দিক থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, তিন যুবকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।