বগুড়া সদর থানায় গতকাল মঙ্গলবার দুপুরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে পুলিশ অভিযোগ করেছে। তবে পুলিশের এই অভিযোগ অস্বীকার করেছে শিবির। গত এক সপ্তাহে বগুড়া সদর থানায় ককটেল বিস্ফোরণের এটি দ্বিতীয় ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল একটি মোটরসাইকেলে করে দুই যুবক থানার গেটের কাছে এসে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে সদর থানায় মামলাসংক্রান্ত কাজে আসা কাহালু উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল আলম (৫৫), শাজাহানপুর উপজেলার আনিছার রহমান (৩৫) ও শাজাহান (৩৭) নামের তিনজন সামান্য আহত হন।
বগুড়া শহর শিবিরের প্রচার ও ছাত্র আন্দোলন সম্পাদক মিজানুর রহমান জানান, পুলিশ বিনা উসকানিতে বিভিন্ন ছাত্রাবাসে তল্লাশি চালাচ্ছে। থানায় ককটেল নিক্ষেপের সঙ্গে শিবিরের কেউ জড়িত নয়।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বগুড়া শহর শাখার সভাপতি আলাউদ্দিন সোহেল ও সম্পাদক রেজাউল করিম এক বিবৃতিতে অভিযোগ করেন, পুলিশের পক্ষ থেকে দফায় দফায় ছাত্রাবাসগুলোতে অভিযান চালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। শিবির নির্মূল অভিযানের নামে পুলিশ সাধারণ ছাত্রদের হয়রানি করছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, শিবিরের কর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে পারে এমন আশঙ্কায় অভিযান চালানো হচ্ছে।
বগুড়ার পুলিশ সুপার মোজামেঞ্চল হক বলেন, জামায়াত-শিবির নাশকতা চালাতে পারে—এমন খবর তাঁদের কাছে আছে। থানা ও ফাঁড়িগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।
জেলা পুলিশ প্রশাসন জানায়, জামায়াত-শিবির নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছে—এমন খবরের ভিত্তিতে ১৪ অক্টোবর শহরের জামিলনগর এলাকায় ছাত্রশিবিরের চিহ্নিত ছাত্রাবাসগুলোতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বোমা তৈরির সরঞ্জামসহ শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়। এর কিছুক্ষণ পরই শিবিরের কর্মীরা বগুড়া সদর থানায় ছাদের ওপর দুটি ককটেল নিক্ষেপ করেন। এর একটি বিস্ফোরিত হয়। এ ঘটনার পর পুলিশ মালগ্রাম এলাকায় দুটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ৪৫টি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার এবং শিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করে। সেই ধারাবাহিকতায় গত সোমবার পুলিশ জামিলনগরে একটি ছাত্রাবাসে আবার অভিযান চালিয়ে দুটি ককটেল উদ্ধার এবং শিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করে।