বগুড়ায় দুই নিরাপত্তাকর্মী খুন, ১০ লাখ টাকা লুট
বগুড়ায় বহুজাতিক ওষুধ বিপণনকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে গত বুধবার রাতে দুজন নিরাপত্তাকর্মী খুন হয়েছেন। এ ছাড়া প্রতিষ্ঠানটির লকার কক্ষের আলমারি ও হিসাবকক্ষের সিন্দুক ভেঙে প্রায় ১০ লাখ টাকা লুট করার অভিযোগ উঠেছে। ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্রে টাকা লুটের দৃশ্য ধরা পড়েছে। শহরের সূত্রাপুর এলাকার ডা. ইসাহাক আলী লেনের একটি চারতলা ভবনে এ ঘটনা ঘটে।
নিহত ওই দুই নিরাপত্তাকর্মীর নাম তাজুল ইসলাম (৩০) ও রাসেল মিয়া (২৫)। তাজুলের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার আমতলী পাড়া গ্রামে এবং রাসেলের বাড়ি গাইবান্ধা সদরের পূর্ব গোবিন্দপুর গ্রামে। ওই বাসার প্রধান ফটকের পাশে নিরাপত্তাকর্মীদের জন্য নির্ধারিত কক্ষে ধারালো অস্ত্রের আঘাতে তাঁরা খুন হন। গতকাল বৃহস্পতিবার তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। তাঁরা সিকিউরেক্স নামের নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওষুধ বাজারজাতকারী প্রতিষ্ঠান নোভারটিস ও জিএসকে (গ্ল্যাক্সো সিঞ্চথলাইন) কোম্পানির ওষুধ বিপণন করে ‘জুয়েলিগ ফার্মা’। শহরের সূত্রাপুরের ওই চারতলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির আঞ্চলিক বিপণন কার্যালয়।
জুয়েলিগ ফার্মার আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদুল হাসান প্রথম আলোকে বলেন, ‘আজ (গতকাল) সকালে রমজান আলী নামের একজন নিরাপত্তাকর্মী মুঠোফোনে দুজন নিরাপত্তাকর্মী খুনের খবর আমাকে দেন। পরে কার্যালয়ে গিয়ে দেখি, লকার কক্ষের আলমারি ও হিসাবকক্ষের সিন্দুক ভেঙে অন্তত ১০ লাখ টাকা লুট করা হয়েছে।’
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক জিল্লুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে খুনিদের ব্যবহূত দস্তানা, চাকুসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। লকার কক্ষের সিসি ক্যামেরায় ধারণ করা চিত্রে দেখা গেছে, সিকিউরেক্স কোম্পানির নির্ধারিত খাকি পোশাক ও কালো ক্যাপ পরে দুজন ব্যক্তি ওই কক্ষে ঢুকে আলমারি ভেঙে টাকা লুট করতে থাকেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বপরিচিত কেউ ওই দুই কর্মীকে চেতনানাশক খাইয়ে অচেতন করে পরে খুন করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সিকিউরেক্স কোম্পানির বগুড়ার ব্যবস্থাপক গুলজার হোসেন, সুপারভাইজার ওয়ারেস আলী ও নিরাপত্তাকর্মী রমজান আলীকে আটক করা হয়েছে।