বগুড়ায় দুজনের হাত-পায়ের রগ কেটে দিল প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের দুই পক্ষের বিরোধের জের ধরে পিয়াস হোসেন (৩০) ও ফয়সাল হোসেন (৩২) নামের দুই তরুণকে রামদা দিয়ে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। শহরতলির ফুলতলা ঈদগা মাঠ এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে তুলে নিয়ে তাঁদের কোপানো হয়।
পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দুজনকে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়।
ফয়সাল ও পিয়াসের বাড়ি ফুলতলা এলাকায় এবং তাঁরা সন্ত্রাসী শাহিনের পক্ষের সদস্য।
পুলিশ ও এলাকাবাসীর অনেকে জানান, ফুলতলা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী ও যুবলীগের নেতা আমিনুর রহমান শাহিন এবং জেলা যুবলীগের অন্যতম মজনু মিয়ার বিরোধ দীর্ঘদিনের। দুজনেই সন্ত্রাসী দলের নেতৃত্ব দেওয়ায় শাহিন-মজনু বাহিনীর প্রধান হিসেবে পরিচিতি।
এর মধ্যে ২০১১ সালের ২৪ মে শহরতলির ফুলদীঘি হর্টিকালচার সেন্টারে প্রতিপক্ষের গুলিতে খুন হন যুবলীগের নেতা শাহিন। ওই খুনের ঘটনায় মজনু মিয়াকে আসামি করে মামলা হয়।
এর জের ধরে গত বছরের ২৫ ডিসেম্বর রাতে শহরতলির ফুলতলা-চকতানপাড়া এলাকায় প্রতিপক্ষের হাতে খুন হন মজনুর ভাগনে ও যুবলীগের কর্মী শামিম হোসেন ওরফে বুশ (২৫)। ২৫ মে জায়গা দখলের টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে খুন হন যুবলীগের নেতা মজনু মিয়া এবং তাঁর আরেক ভাগনে নাহিদ হোসেন।
পুলিশ বলছে, মজনু ও নাহিদ হত্যাকাণ্ডের পর বেশ কিছুদিন ঘাপটি মেরে ছিল সন্ত্রাসীরা। বর্তমানে এলাকায় জায়গাজমি দখল ও আধিপত্য বিস্তার নিয়ে আবারও তারা মাথাচাড়া দিয়ে উঠেছে।
মজনু ও নাহিদ হত্যার প্রতিশোধ নিতে এ পক্ষের সন্ত্রাসীরা প্রতিপক্ষকে ঘায়েল করতে মরিয়া হয়ে উঠেছে। এর জের ধরে প্রতিপক্ষের কয়েকজন সন্ত্রাসী গতকাল বেলা আড়াইটার দিকে সন্ত্রাসী ফয়সাল ও পিয়াসকে মোটরসাইকেলে তুলে নিয়ে কোপায়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, রগ কেটে দেওয়া দুজনই চিহ্নিত সন্ত্রাসী দলের সদস্য। এদের মধ্যে পিয়াস যুবলীগের নেতা মজনু হত্যা মামলার এবং ফয়সাল মজনুর ভাগনে যুবলীগের কর্মী বুশ হত্যা মামলার আসামি।
ওসি বলেন, মজনু ও শাহিন দুজনই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁরা যুবলীগের নেতা হওয়ায় তাঁদের সহযোগীরাও যুবলীগের কর্মী-সমর্থক।
ওসি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করতে আসেনি। তবে ফয়সাল ও পিয়াস দুজনই মজনু এবং ভাগনে শামিম হত্যা মামলার আসামি হওয়ায় মজনুর পক্ষের সন্ত্রাসীরা এ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।