বগুড়ায় নীরবেই কেটে গেল খালেদা জিয়ার জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিনে বগুড়ায় এবার ছিল না দলীয় কোনো কর্মসূচি। অবশ্য জেলা বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশি বাধার কারণে দলটি চেয়ারপারসনের জন্মদিনের কর্মসূচি পালন করতে পারেনি। তবে পুলিশ বাধা দেওয়ার কথা অস্বীকার করেছে।
বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আগে বগুড়া জেলা বিএনপি সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করত। এই কর্মসূচির নাম দেওয়া হতো দলীয় চেয়ারপারসনের ‘জন্মোৎসব’। গত বছর খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয় বগুড়ার একটি বিলাসবহুল হোটেলে। সেখানে প্রধান অতিথি ছিলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন বিএনপিসহ সব অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এর আগের বছরে শহরের টিটু মিলনায়তনে সেই জন্মদিন পালিত হয়। কেক কাটার পাশাপাশি সেবার দরিদ্রদের মধ্যে হাঁস-মুরগি ও ছাগলও বিতরণ করা হয়।
তবে এবারের চিত্র ভিন্ন। জন্মদিন উপলক্ষে সাত দিন দূরে থাক, কোথাও কোনো কর্মসূচি ছিল না বিএনপির। বগুড়ায় দলীয় চেয়ারপারসনের জন্মদিন এভাবে নীরবে কেটে যাওয়ায় হতাশ দলের কর্মী-সমর্থকেরা। নাম প্রকাশ না করার শর্তে জেলা যুবদলের এক নেতা বলেন, ‘নেতারা কেউ কারাগারে, কেউ আত্মগোপনে। তা ছাড়া জেলা বিএনপির শীর্ষ নেতারা প্রশাসন আর সরকারি দলের সঙ্গে আঁতাতের রাজনীতিতে জড়িয়ে পড়েছেন। এ কারণে এবার দলীয় চেয়ারপারসনের জন্মদিন নীরবেই কেটে গেল।’
অবশ্য জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘জন্মদিনের কর্মসূচি পালন করতে বিকেল চারটার দিকে জেলা বিএনপির কার্যালয়ে যেতে চাইলে পুলিশ নেতা-কর্মীদের ভেতরে ঢুকতে বাধা দেয়। ফলে আমরা সেখান থেকে ফিরে আসতে বাধ্য হই।’
তবে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বিএনপির এমন দাবি নাকচ করে দিয়ে বলেছেন, বিএনপির কর্মসূচি পালনে পুলিশ কোনো ধরনের বাধা দেয়নি।
বিকেলে শহরের নওয়াববাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে দেখা গেছে, বাইরে থেকে কার্যালয়ে তালা দেওয়া। সামনের সড়কে কয়েকজন টহল পুলিশ অবস্থান করছেন। আশপাশের ব্যবসায়ীরা জানান, সকাল থেকেই তাঁরা জেলা বিএনপির কার্যালয় তালাবদ্ধ দেখছেন।