বগুড়ায় পরিবহন শ্রমিকদের অবরোধ প্রত্যাহার
পুলিশের আশ্বাসে আজ শনিবার অবরোধের সাড়ে তিন ঘণ্টা পর তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বগুড়ার পরিবহন শ্রমিকেরা। গতকাল শুক্রবার ঢাকার অদূরে সাভারের বাইপাইল এলাকায় যানজটে আটকে থাকার সময় পরিবহন থেকে পুলিশ সদস্যদের চাঁদা আদায়ের ঘটনার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে তাঁরা এ অবরোধ করেন।
সকাল নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অবরোধ চলে। অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পরিবহন শ্রমিকেরা সকাল নয়টার দিকে বগুড়ার চার মাথা মোড়ে আন্তজেলা বাস টার্মিনাল এলাকায় অবরোধ সৃষ্টি করেন। অবরোধের কারণে ঢাকা-বগুড়া, ঢাকা-রংপুর ও ঢাকা-নওগাঁ মহাসড়কে যান চলাচল বন্ধ হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ১১টি জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল লতিফ প্রথম আলো ডটকমের কাছে অভিযোগ করেছিলেন, গতকাল ঢাকা-উত্তরবঙ্গগামী পরিবহনগুলোকে উভয় দিকে দীর্ঘ সময়ের যানজটে পড়তে হয়। যানজটে আটকে থাকার সময় সাভারের বাইপাইল এলাকায় চার থেকে পাঁচজন পুলিশ সদস্য উত্তরবঙ্গগামী ৬০ থেকে ৭০টি গাড়ির কাছ থেকে চাঁদা আদায় করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশের সঙ্গে বৈঠকে শ্রমিক নেতারা পাঁচ পুলিশ সদস্যের নাম লিখিত আকারে দিয়ে অভিযোগ করেছেন। এ ব্যাপারে পুলিশ সদর দপ্তর ব্যবস্থা নেবে। এমন আশ্বাসের পর পরিবহন শ্রমিকেরা দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেন।
তবে দুপুর ১২টার দিকে অবরোধস্থলে গিয়ে পরিবহন শ্রমিকদের সরে যেতে বললে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের সঙ্গে তাঁদের বাগবিতণ্ডা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এর প্রতিবাদে অবরোধ প্রত্যাহারের ঘোষণার পরও শ্রমিকেরা দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত একই এলাকায় অবরোধ সৃষ্টি করে রাখেন। পরে তাঁরা অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয়।
র্যাব-১২-এর বগুড়া ক্যাম্পের এএসপি আবু সাঈদ প্রথম আলো ডটকমকে বলেন, যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে র্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিবহন শ্রমিকদের অবরোধ তুলে নিতে বলেন। এ সময় তাঁরা কোনো খারাপ আচরণ করেননি। তবে শ্রমিকদের পক্ষ থেকে র্যাবের বিরুদ্ধে খারাপ আচরণ করার অভিযোগ উঠেছে বলে তিনি জানান।