বগুড়ায় পরিবহন শ্রমিকদের অবরোধে ভোগান্তিতে যাত্রীরা

বগুড়ার চার মাথা মোড়ে আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় আজ শনিবার সকাল নয়টা থেকে অবরোধ সৃষ্টি করেছেন পরিবহন শ্রমিকেরা। ঢাকার অদূরে সাভারের বাইপাইল এলাকায় গতকাল শুক্রবার যানজটে আটকে থাকার সময় পরিবহন থেকে পুলিশ সদস্যদের চাঁদা আদায়ের ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে তাঁরা এ অবরোধ করেন।
অবরোধের কারণে ঢাকা-বগুড়া, ঢাকা-রংপুর ও ঢাকা-নওগাঁ মহাসড়ক এবং স্থানীয় চার মাথা থেকে থানা মোড় সড়কে যান চলাচল বন্ধ আছে। তিনটি মহাসড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়েছে। কার্যত ঢাকার সঙ্গে রংপুর বিভাগের আট জেলা রংপুর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা এবং রাজশাহী বিভাগের জয়পুরহাট ও নওগাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
অফিসের কাজে জয়পুরহাট থেকে ঢাকায় যাচ্ছেন জহুরুল ইসলাম। তিনি জানালেন, সকাল থেকে তিনি একই জায়গায় আটকা পড়ে আছেন। তিনি এই অচলাবস্থা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ প্রথম আলো ডটকমের কাছে অভিযোগ করেন, গতকাল ঢাকা-উত্তরবঙ্গগামী পরিবহনগুলোকে উভয় দিকে দীর্ঘ সময়ের যানজটে পড়তে হয়। যানজটে আটকে থাকার সময় সাভারের বাইপাইল এলাকায় চার থেকে পাঁচজন পুলিশ সদস্য উত্তরবঙ্গগামী ৬০ থেকে ৭০টি গাড়ির কাছ থেকে চাঁদা আদায় করেন।
রংপুরে চাকরি করেন চিকিত্সক আজিজুল বারী। তিনি ঢাকায় ঈদ পালন শেষে গতকাল সকাল ১০টার দিকে রংপুরের উদ্দেশ্যে রওনা দেনে। পথে যানজটের দুর্ভোগ পোহানোর পর আজ সকাল আটটার দিকে রংপুরে পৌঁছান।
শাহ ফহেত আলী পরিবহনের পরিচালক আমিনুল ইসলামের দাবি, উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল, ফারুক ও রফিক এবং পুলিশ সদস্য মোস্তফা ও সোহেল এই চাঁদাবাজির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশ সদস্যদের নাম-ঠিকানা নিয়ে পুলিশ সদরদপ্তরে জানানো হয়েছে। শ্রমিকদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলেই পুলিশ সদর দপ্তর তদন্ত শুরু করবে। তিনি আরও জানান, আলোচনার জন্য শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।