বগুড়ায় পানিতে ডুবে ছাত্রসহ দুজনের মৃত্যু
পানিতে ডুবে বগুড়ার শাজাহানপুরে অষ্টম শ্রেণির এক ছাত্র ও দুপচাঁচিয়া উপজেলায় পাঁচ বছরের এক শিশু মারা গেছে।
শাজাহানপুর উপজেলার সাঘাটা খালে গত শুক্রবার গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র সাগরের (১৪) লাশ গতকাল শনিবার উদ্ধার করা হয়েছে।
সাগর শাজাহানপুর উপজেলার বড়নগর পশ্চিমপাড়ার দিনমজুর হারুনুর রশীদের ছেলে এবং নগর শাহ মোজাম্মেল হক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী তিন-চারজন জানান, শুক্রবার বেলা ১১টার দিকে সাঘাটা খালে বন্যার পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সাগর। পরে স্থানীয় ব্যক্তিদের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হন। গতকাল ভোর ছয়টার দিকে সাগরের লাশ ভেসে ওঠে।
এদিকে দুপচাঁচিয়ার জিয়ানগরে মামার বাড়িতে বেড়াতে এসে সজীব (৫) নামের এক শিশু গতকাল শনিবার দুপুরে পানিতে ডুবে মারা গেছে।
সজীব কাহালুর বীরকেদার ইউনিয়নের কাউরাস গ্রামের আরিফুল ইসলামের ছেলে।