বগুড়ায় পিস্তল গুলিসহ গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের আটাপাড়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রেস্টহাউস চত্বরের আমবাগান থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন শহরের ফুলবাড়ী উত্তরপাড়া এলাকার রাশেদুল ইসলাম, এনামুল হক, এরশাদ, আবু রায়হান ও জনি মিয়া। রাশেদুল ইসলাম নিজেকে বগুড়া শহর আওয়ামী লীগের ১৮ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক বলে দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, তিনি ছাত্রলীগের সাবেক নেতা সাখাওয়াত হোসেন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ সহিদ আলম বলেন, একদল সন্ত্রাসী গতকাল দুপুরে ওই আমবাগানে বসে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। সেখানে পুলিশ গিয়ে তাঁদের ঘিরে ফেলে। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে পিস্তল দিয়ে দুটি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে পুলিশ ওই পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।