বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া শহরের উপকণ্ঠে গোলচত্বর এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন তসলিম উদ্দিন (৭০), হাবিবুর রহমান (৬০), আশরাফুল ইসলাম (৬০) ও ইমতিয়াজ আলী (৫০)। তাঁদের সবার বাড়ি ঠাকুরগাঁওয়ে।
আহত ব্যক্তিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, বিশ্ব ইজতেমায় অংশ নিয়ে জোয়ান পরিবহনের একটি বাসে করে গন্তব্যে ফিরছিলেন মুসল্লিরা। শহরের গোলচত্বর এলাকা অতিক্রমের সময় বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। বাসের পেছনের অংশে ট্রাকটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনজন।