বগুড়ায় বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ৩
বগুড়া শহরের ঠনঠনিয়া দক্ষিণপাড়া এলাকায় একটি বাসা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে অস্ত্র, গুলি, ম্যাগাজিন, ধর্মভিত্তিক মতবাদে উদ্বুদ্ধকারী পুস্তক, ও প্রচারপত্রসহ তিনজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে র্যাব। তবে এই তিনজনের নাম, পরিচয় বা তাঁরা কোন সংগঠনের কর্মী—এ বিষয়ে কিছুই প্রকাশ করেনি র্যাব। র্যাব-১২-এর বগুড়া ক্যাম্পের প্রধান স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মিরান হোসেন দাবি করেন, ওই বাসায় একটি জঙ্গি সংগঠনের সশস্ত্র গোপন বৈঠক চলছে, এমন খবরের ভিত্তিতে সাদা পোশাকে র্যাবের আট-নয়জন সদস্য অভিযান চালান। ওই সময় একটি কক্ষে শ্মশ্রুমণ্ডিত একজন ক্লাস নেওয়ার মতো প্রশিক্ষণ দিচ্ছিলেন। অন্যরা খাতা-কলম হাতে বসে তাঁর কথা শুনছিলেন। ভেতরে ঢুকেই র্যাবের সদস্যরা নিজেদের পরিচয় দিলে কক্ষে থাকা কয়েকজন ব্যাগ হাতে পালানোর চেষ্টা করেন। র্যাবের সদস্যরা তাঁদের ধরতে গেলে উভয় পক্ষে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় তাঁদের ব্যাগ থেকে অস্ত্র বেরিয়ে পড়ে। র্যাবের সদস্যরা তিনজনকে ধরে ফেলেন। স্কোয়াড্রন লিডার মিরান হোসেন দাবি করেন, ওই কক্ষ থেকে একটি এলএমজি, একটি এসএমজি, গুলিভর্তি দুটি বিদেশি পিস্তল, গুলিভর্তি চারটি ম্যাগাজিন, একটি ড্রাম ম্যাগাজিন (১০০টি গুলি থাকে) এবং কয়েকটি বিদেশি চাকু, চায়নিজ কুড়াল ও রড উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বেশ কিছু পুস্তক, প্রচারপত্র, ডায়েরি ও নোটবুক পাওয়া গেছে।