বগুড়ায় বিএনপির সমাবেশস্থলে হাতবোমার বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরে আজ সোমবার হরতালের সমর্থনে বিএনপির সমাবেশ চলাকালে কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে সমাবেশকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল সোয়া ১০টার দিকে শহরের সাতমাথায় ট্রাফিক আইল্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বগুড়া জেলা বিএনপির ডাকে আজ জেলায় হরতাল পালিত হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল ১০টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি সাতমাথায় গিয়ে শেষ হয় এবং সেখানে হরতালের সমর্থকেরা সমাবেশ শুরু করেন। সোয়া ১০টার দিকে সমাবেশস্থলের কাছে পরপর দু-তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এ সময় লোকজন আতঙ্কে দিগবিদিক ছোটাছুটি করতে থাকে। গোটা শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দাবি করেছেন, হরতালের সমর্থনে তাঁদের শান্তিপূর্ণ সমাবেশে প্রথমে হাতবোমা হামলা চালানো হয়। এরপর পুলিশ নেতা-কর্মীদের লাঠিপেটা করে এবং রাবার-বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এতে তাঁদের কয়েকজন কর্মী আহত হয়েছেন।

ঘটনার সময় সাতমাথায় উপস্থিত বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম প্রথম আলো ডটকমকে জানান, সমাবেশ চলাকালে উপস্থিত নেতাদের নাম ঘোষণাকালে জেলা ছাত্রদলের সভাপতির নাম বাদ দেওয়া হয়। এ নিয়ে নেতা-কর্মীদের মাঝে বাগবিতণ্ডা ও হট্টগালের সৃষ্টি হয়। এ সময় বীরশ্রেষ্ঠ স্কয়ারের পাশে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে  রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে সাতমাথা এলাকা থেকে সমাবেশকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক প্রথম আলো ডটকমকে বলেন, সকাল থেকে জেলাজুড়ে শান্তিপূর্ণ হরতাল চলছিল। কিন্তু বিএনপির অভ্যন্তরীণ বিরোধের জের ধরে সকাল ১০টার দিকে শহরের সাতমাথা এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়তে হয়। 

পিকেটিং, ভাঙচুর

বেলা ১১টা পর্যন্ত হরতাল-সমর্থকেরা রংপুর-ঢাকা মহাসড়কের মোকামতলা, মহাস্থান, গোকুল, বাঘোপাড়া, মাটিডালি, চারমাথা, তিনমাথা রেলগেট, সিলিমপুর, বনানী, শাজাহানপুরসহ বেশ কিছু স্থানে এবং শহরের কলোনি, মফিজপাগলার মোড়, ইয়াকুবিয়া মোড়, সেউজগাড়ি, চেলোপাড়া, দত্তবাড়ি, বকশিবাজার ও ফুলবাড়ী এলাকায়  টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ এবং পিকেটিং করার চেষ্টা করে হরতালকারীরা। এ সময় কয়েকটি স্থানে যানবাহনও ভাঙচুর করেন তাঁরা। পরে পুলিশ গিয়ে হরতাল-সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।