বগুড়ায় বিজ্ঞান উৎসবের নিবন্ধন কাল থেকে
বগুড়ায় আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের নাম নিবন্ধন কার্যক্রম। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তোলা এবং খুদে বিজ্ঞানীদের নানা উদ্ভাবন তুলে ধরার এই আয়োজনে বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীরা নাম নিবন্ধনের সুযোগ পাবে। নাম নিবন্ধন চলবে ৬ আগস্ট পর্যন্ত। ৯ আগস্ট বগুড়া শহরের জ্বলেশ্বরীতলার ডিসি বাংলো সড়কের বগুড়া কনভেনশন সেন্টারে বিজ্ঞান জয়োৎসবের আসর বসবে।
প্রতিযোগিতার জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা জুনিয়র এবং দশম থেকে দ্বাদশ ও পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থীরা সিনিয়র ক্যাটাগরিতে দলীয় ও এককভাবে নাম নিবন্ধন করতে পারবে।
একইভাবে বিজ্ঞান কুইজের জন্য তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রাথমিক, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা নিম্ন মাধ্যমিক এবং নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা মাধ্যমিক ক্যাটাগরিতে নাম নিবন্ধনের সুযোগ পাবে। আধঘণ্টার লিখিত প্রতিযোগিতায় বিজয়ী এবং প্রকল্প প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে পুরস্কার। এ ছাড়া বিজ্ঞান জয়োৎসবের আঞ্চলিক পর্বের বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। জাতীয় পর্যায়ের বিজয়ীরা আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় অংশ নেবে। আগ্রহীদের প্রথম আলোর বগুড়া কার্যালয়, হেলাল ম্যানসন (তৃতীয়তলা), ট্রান্সকম শোরুমের ওপরে শেরপুর সড়ক বগুড়ায় হাজির হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচিতিপত্র দেখিয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটার মধ্যে নাম নিবন্ধন করতে হবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে নিবন্ধনের সুযোগ দেওয়া হবে। ০১৫২১৩১৯১৪৮ মুঠোফোন নম্বরে ফোন করে অথবা প্রথম আলোর অনলাইন www.prothom-alo.com/ carnivalofscience অথবা www.facebook.com/carnivalofscience ক্লিক করে বিস্তারিত তথ্য জানা যাবে।