বগুড়ায় ব্যবসায়ী হত্যার ঘটনায় গ্রেপ্তার নেই
বগুড়া শহরের জনাকীর্ণ বাজারে ধাওয়া করে দিনদুপুরে প্রকাশ্যে স্বর্ণ ব্যবসায়ী জিয়াউদ্দিন ওরফে জিয়াকে গলা কেটে হত্যার ঘটনায় গতকাল শুক্রবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এমনকি লোমহর্ষক এ ঘটনায় কোনো মামলাও হয়নি।
নিহত জিয়াউদ্দিনের ভাতিজা জোবায়ের হোসেন গতকাল বিকেলে বলেন, ‘লাশ দাফন নিয়ে পরিবারের সবাই ব্যস্ত ছিলেন। তা ছাড়া পরিবারের কারও মানসিক অবস্থাও ভালো নয়। এর জন্য মামলা দিতে একটু দেরি হচ্ছে। তবে আজ (শুক্রবার) রাতের মধ্যেই মামলা করা হবে।’
সদর থানার ওসি আবু হায়দার মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, এ হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে সেটা পুরোপুরি নিশ্চিত হয়েছে পুলিশ। কিন্তু তারা পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এদিকে শহরের রাজাবাজার এলাকার মানুষ এখনো আতঙ্কে রয়েছেন। দোকানপাট গতকালও খোলেনি।
গত বৃহস্পতিবার দুপুরে রাজাবাজার এলাকার পদ্মা ম্যানশনের সামনে প্রকাশ্যে ধাওয়া করে এনে শত শত মানুষের সামনে স্বর্ণ ব্যবসায়ী জিয়াউদ্দিনকে গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা। এরপর বীরদর্পে তারা ঘটনাস্থল ত্যাগ করে। ধরমপুর বাজারের ‘মা জুয়েলার্স’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের অংশীদার ছিলেন জিয়াউদ্দিন।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের পর জিয়াউদ্দিনের লাশ গতকাল বিকেলে ধরমপুর এলাকার বাড়িতে নেওয়া হলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। নিহত ব্যক্তির স্ত্রী শ্যামলী বেগম বিলাপ করতে করতে মূর্ছা যাচ্ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে জিয়াউদ্দিনের লাশ দাফন করা হয়েছে।