জামায়াতের হরতালে ট্রাকচালক শামসুল হককে পুড়িয়ে মারার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকেরা আজ মঙ্গলবার বেলা ১১টায় বগুড়ার বনানী বাজারসংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কের দুই পাশে কয়েক শ গাড়ি আটকা পড়েছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
গত সপ্তাহে জামায়াতে ইসলামীর টানা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে বগুড়ার শেরপুর উপজেলার দশমাইল এলাকায় হরতাল-সমর্থকেরা শামসুল হকের ট্রাকে পেট্রলবোমা ছুড়ে মারে। এতে ট্রাকে আগুন লেগে গেলে তিনি অগ্নিদগ্ধ হন। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে রোববার তিনি মারা যান। তাঁর গ্রামের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রামে।
স্থানীয়রা জানান, শামসুল হককে পুড়িয়ে মারার প্রতিবাদে আজ বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা বনানী বাজারসংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা ঘাতকদের ফাঁসি ও শামসুল হকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।
বনানী বাজারের সংযুক্ত শ্রমিক ইউনিয়নের নেতা শরিফুল ইসলাম জানান, শামসুল হককে হত্যার প্রতিবাদ, হত্যাকারীদের বিচার ও ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন তাঁরা।