বগুড়ায় মেধাবীদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনদ হাতে পেয়ে যারপরনাই আনন্দিত শিক্ষার্থীরা। ছবি: সোয়েল রানা, বগুড়া
সনদ হাতে পেয়ে যারপরনাই আনন্দিত শিক্ষার্থীরা। ছবি: সোয়েল রানা, বগুড়া

শরতের সকালটা শুরু হয়েছিল মিঠেকড়া রোদ দিয়ে। ঘড়ির কাঁটা তখনও সকাল সাড়ে আটটা ছুঁই ছুঁই। এরই মাঝে বগুড়া জিলা স্কুল মাঠের সবুজ চত্বর দুই হাজার মেধাবী নক্ষত্রের পদচারণে মুখরিত। মেধাবীদের সঙ্গে গিয়েছিলেন অভিভাবকেরাও। ‘প্রথম আলো’ ও মুঠোফোন সেবাদাতা সংস্থা টেলিটকের দেওয়া সংবর্ধনা নিতেই মেধাবী শিক্ষার্থীদের এমন মিলনমেলা ঘটেছিল। মূল অনুষ্ঠান শুরুর আগেই শিক্ষার্থীরা তাঁদের সনদ, ক্রেস্ট, খাবার এবং উপহার হিসেবে টেলিটকের সিমকার্ড সংগ্রহ করেন। সকাল নয়টায় বন্ধুসভার সদস্যদের সমবেত জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই স্বাগত বক্তব্য দেন ‘প্রথম আলো’র বগুড়ার নিজস্ব প্রতিবেদক মিলন রহমান। এরপর সেরা তিন প্রতিষ্ঠান বগুড়া জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে পুরস্কৃত করা হয়। এরপর শুরু হয় অতিথিদের বক্তব্য। অতিথির বক্তব্যে বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ বলেন, ‘বড় হয়ে তোমরা কে কী হবে তা বড় কথা নয়, বড় কথা হলো তোমরা মানুষের মতো মানুষ হবে।’

সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন বলেন, ‘মাদক ও নেশা থেকে তোমাদের দূরে থাকতে হবে। আগামীতে বগুড়া হতে চলেছে শিক্ষানগরী। তোমরা হবে শিক্ষানগরীর রূপকার।’
বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বলেন, ‘তোমাদের এখন আবেগের বয়স। এ বয়সে সিদ্ধান্ত নিতে ভুল করলে লক্ষ্যে পৌঁছানো যাবে না।’
টেলিটকের সহকারী ব্যবস্থাপক ফাউজুল আজিম বলেন, ‘টেলিটক এ উদ্যোগের সাথে যুক্ত হতে পেরে গর্বিত। শিক্ষার্থীরা যেসব সিম উপহার পাচ্ছেন, তা দিয়ে দিনে-রাতে মাত্র ২৫ পয়সা কল রেটে কথা বলা যাবে।’
বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস অতিথির বক্তব্যে বলেন, ‘মাদক ও ইভ টিজিংয়ের মতো সামাজিক সমস্যা থেকে তোমাদের মতো মেধাবীদের দূরে থাকতে হবে। সুনাগরিক হিসেবে নিজেদের বদলানোর পাশাপাশি বাংলাদেশকে বদলে দিতে হবে।’
‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান বলেন, ‘আজকের এই দিনটা “প্রথম আলো”র জন্য স্মরণীয় দিন। গতকাল রাত থেকে উত্তরাঞ্চলের পাঠকদের জন্য বগুড়ায় “প্রথম আলো” ছাপানো শুরু হয়েছে। ভোর হওয়ার আগেই আজ “প্রথম আলো” হাতে পেয়েছেন পাঠকেরা। আবার এমন শুভ দিনে “প্রথম আলো” দুই হাজার ৩০০ মেধাবীর এমন মিলনমেলা ঘটাতে পেরেছে।’
‘প্রথম আলো’র নানা উদ্যোগের কথা উল্লেখ করে মতিউর রহমান বলেন, ‘অনলাইন সংস্করণের মাধ্যমে বিশ্বের ২০০টি দেশের পাঠককে বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে “প্রথম আলো”। কিশোর ও তরুণ বয়সী পাঠকের কথা মাথায় রেখে আগামী মাস থেকে “কিশোর আলো” নামে আরেকটি পত্রিকা বাজারে আনছে “প্রথম আলো”।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অনেক অর্জন রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এ দেশ ভারতের চেয়েও এগিয়ে বলে অর্থনীতিবিদ অমর্ত্য সেন মন্তব্য করেছেন।’ তিনি বলেন, ‘আগামী দিনে তোমরা সুনাগরিক হওয়ার মাধ্যমে দেশটাকে আরও এগিয়ে নিয়ে যাবে।’ এ সময় ‘প্রথম আলো’র সম্পাদকের আহ্বানে শিক্ষার্থীরা হাত তুলে মাদক, ইভ টিজিং, অ্যাসিড সন্ত্রাস, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলেন।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আকিব জাবেদ, তাজমিয়া তাবাসসুম, আবদুল্লাহ মামুন প্রমুখ বক্তব্য দেন।
শিক্ষার্থীদের জন্য আকর্ষণ ছিলেন সংগীতশিল্পী এস আই টুটুল। তিনি বলেন, ‘একসঙ্গে এত মেধাবী তারার আলোয় আলোকিত এ অনুষ্ঠান। এ আলোর সঙ্গে আছে “প্রথম আলো”। এতগুলো আলোয় দেশটা আলোকিত হবেই একদিন।’ এরপর একে একে সংগীতশিল্পী টুটুল তাঁর জনপ্রিয় গান গেয়ে শোনান।
অনুষ্ঠান-মঞ্চ ছিল জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বিদ্যালয় জিলা স্কুল মাঠে। প্রয়াত এ কথাসাহিত্যিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এস আই টুটুল যখন হুমায়ূন আহমেদের ‘ও দরদি দয়ার সাগর ওগো দয়াময়, চাঁদনী পসর রাতে যেন আমার মরণ হয়’ গানটি ধরেন, তখন শিক্ষার্থীদের মধ্যে ছিল পিনপতন নীরবতা। এ গানটি শেষ হওয়ার পর টুটুল বিদায় চাইলেও শিক্ষার্থীরা হুমায়ূন আহমেদের স্মৃতিজড়িত বিদ্যালয় থেকে কিছুতেই যেন তাঁকে ছাড়তে চাইছিলেন না।