বগুড়ায় মেস থেকে অস্ত্র-গুলি উদ্ধার

বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় আজ বৃহস্পতিবার বিকেলে একটি মেসে (ছাত্রাবাস) অভিযান চালিয়ে কয়েকটি অস্ত্র, গুলি, ধারালো চাকু, রড ও জেহাদি বই উদ্ধার করেছে র্যাব। এর সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। বাড়িটি চলতি মাসের ১ তারিখে ছাত্রাবাস হিসেবে ভাড়া নেওয়া হয়।
র্যাব প্রাথমিকভাবে ধারণা করছে, মেসটিতে (ছাত্রাবাস) কোনো আত্মঘাতী জঙ্গি সংগঠনের সদস্যরা থাকত। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাতে ঢাকা থেকে র্যাবের মিডিয়া উইংয়ের সদস্যরা বগুড়ায় আসছেন।
র্যাব জানায়, আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২-এর একটি দল ঠনঠনিয়া এলাকার একটি মেসে (ছাত্রাবাস) অভিযান চালায়। র্যাব মেসটিতে ঢোকার সময় পেছনের জানালা ভেঙে ১২-১৫ জন পালিয়ে যান। তিনজনকে আটক করা হয়। এ সময় একটি এলএমজি, এসএমজি, একটি পিস্তল, এক ড্রাম গুলি, অসংখ্য চাকু, রড ও কয়েকটি জিহাদি বই উদ্ধার করা হয়।
র্যাব-১২-এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মিরান হোসেন প্রথম আলো ডটকমকে জানান, ছাত্রাবাসটিতে অভিযান চালিয়ে একটি এলএমজি, এসএমজিসহ কয়েকটি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও বেশ কয়েকটি জিহাদি বই উদ্ধার করা হয়েছে। এর আশেপাশে আরও কয়েকটি ছাত্রাবাসে অভিযান চালানো হবে। এ ছাড়া যাঁরা পালিয়ে গেছেন তাঁদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালাবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকার আশেপাশের মেসেও অভিযান চালাচ্ছে র্যাব।
উল্লেখ্য, ‘বগুডায় শিবিরের গোপন বৈঠক’ শীর্ষক একটি খবর আজ ‘প্রথম আলো’য় প্রকাশিত হয়েছে। গত সোমবার বিকেলে শহরের জামিলনগর এলাকায় এ বৈঠক হয়। বৈঠকে শিবিরের কেন্দ্রীয় নেতারা ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখাসহ খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের ৪৭টি সাংগঠনিক শাখার নেতারা উপস্থিত ছিলেন।