বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা, নারীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরে গতকাল শুক্রবার রাতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে কাহালু উপজেলায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গতকাল রাত পৌনে ১২টার দিকে শহরের ১ নম্বর রেলগেটসংলগ্ন চকযাদু সড়কে খোকন মিয়াকে (২৬) কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। কিছুক্ষণ পর পুলিশ তাঁর লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। খোকন শহরের চকসূত্রাপুর বাদুরতলা এলাকার বাসিন্দা।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন দাবি করেন, নিহত খোকন মিয়া যুবদলের কর্মী ইমরান হত্যা মামলার আসামি। তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। কিছুদিন আগে ফেনসিডিলসহ তাঁকে আটক করা হয়েছিল। পরে তিনি জামিনে বের হয়ে যান। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়া অথবা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নারীর লাশ উদ্ধার: আজ সকাল ১০টার দিকে কাহালু উপজেলার আখুঞ্জা ঈদগাহ মাঠের পাশ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহালু থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বলেন, উদ্ধার হওয়া লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। গলায় কাপড় পেঁচিয়ে তাঁকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।