বগুড়ায় যুবদল কর্মীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া, কুমিল্লা ও রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় তিনটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনটি ঘটনাতেই হত্যাকাণ্ডের শিকার প্রধান বিরোধী দল বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

বগুড়ায় দিনে দুপুরে বাড়িতে ঢুকে গুলি করে ও কুপিয়ে এমরান প্রামাণিক নামের যুবদলের এক কর্মীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। কুমিল্লার দাউদকান্দিতে ছুরিকাঘাতে নিহত হন যুবদলের নেতা জাহাঙ্গীর আলম। রাজবাড়ীর গোয়ালন্দে নিহত হয়েছেন ছাত্রদলের কর্মী সাদ্দাম সরদার। তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার বেলা একটার দিকে বগুড়া শহরের চকসূত্রাপুর-নামাজগড় সড়কে যুবদলের কর্মী এমরান প্রামাণিকের (৩৫) বাড়ির কাছেই তাঁর ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। তারা এমরানকে গুলি করলে তিনি দৌড়ে বাড়িতে ঢুকলে সন্ত্রাসীরা বাড়ির কাঠের জানালা ভেঙে ভেতরে ঢুকে এমরানকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি চকসূত্রাপুর এলাকার কালু প্রামাণিকের ছেলে।

নিহত এমরানের ভাই মামুন প্রামাণিক বলেন, ৩০ থেকে ৩৫ জনের একটি সন্ত্রাসী দল এমরানের ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি বাড়িতে এসেও রক্ষা পাননি। এমরানকে বাঁচাতে তাঁদের আরেক ভাই হিলু প্রামাণিক এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরে তারা গুলি ছুড়ে পালিয়ে যায়। হিলু প্রামাণিককে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামুন দাবি করেন, তাঁর ভাই যুবদলের কর্মী ছিলেন। স্থানীয় যুবলীগের কর্মী-সমর্থকেরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফয়েজুর রহমান গত রাতে প্রথম আলোকে বলেন, এমরানকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা কী কারণে তাঁকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর গ্রামে রোববার রাতে বার্ষিক মাহফিল চলছিল। মাহফিল চলাকালে পাশেই কয়েকটি শিশুর ঝগড়া বাধে। এ ঝগড়া থামাতে গিয়ে গৌরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (৩৪) ছুরিকাঘাতে আহত হন। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সজিব হাসান নামের এক যুবককে স্থানীয় লোকজন কুপিয়ে ও পিটিয়ে আহত করেছেন। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি থানার ওসি আবুল ফয়সল জানান, এ ঘটনায় জাহাঙ্গীর আলমের বাবা ফজর আলী বাদী হয়ে ১৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।

রাজবাড়ীর গোয়ালন্দে ছাত্রদল কর্মী সাদ্দাম সরদারকে (২৪) বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি দৌলতদিয়া বাজারের চিকিৎসক সিদ্দিক সরদারের ছেলে।

নিহত সাদ্দামের বড় ভাই লাবলু সরদার অভিযোগ করেন, তাঁর ভাই সাদ্দাম ও স্থানীয় হোসেন পত্তনদারের ছেলে জামালের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার রাত সাতটার দিকে সাদ্দামকে বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে যান জামাল। বিষয়টি স্থানীয় লোকজনের কাছ থেকে জানার পর তিনি সাদ্দামের মুঠোফোনে কল করেন। কিন্তু সাদ্দামকে পাওয়া যাচ্ছিল না। পরে রাত ১০টার দিকে বাড়ি ফিরে আসার জন্য সাদ্দামের মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হয়। তাতেও কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর জামালের ফোন নম্বর জোগাড় করে কল দিলে তিনি উত্তেজিত কণ্ঠে বলেন, ‘সাদ্দাম কোথায় আমি জানি না।’ এর কিছুক্ষণ পরই সাদ্দামের ফোন বন্ধ পাওয়া যায়।

একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, সাদ্দামকে জামালের সঙ্গে পেট্রল পাম্পের সামনে দিয়ে খানকাপাক মসজিদের পেছনের দিকে যেতে দেখা গেছে। এরপর গতকাল সকালে নদীর পাড়ে সাদ্দামের লাশ পড়ে থাকতে দেখা যায়।

রাজবাড়ীর ডা. আবুল হোসেন কলেজের সমঞ্চান দ্বিতীয় বর্ষের ছাত্র সাদ্দাম। তিনি ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন।

গোয়ালন্দঘাট থানার উপরিদর্শক (এসআই) জাকির হোসেন লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছেন। তিনি বলেন, সাদ্দামের মাথায় রিভলবার ঠেকিয়ে দুটি গুলি করে হত্যা করা হয়েছে। সাদ্দামের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।