বগুড়ায় রেললাইনের প্যান্ডেল ক্লিপ খুলে নাশকতার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের সাবেক আমির গোলাম আযমের মামলার রায়কে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার জামায়াতের ডাকা দ্বিতীয় দিনের এবং রায় প্রত্যাখ্যান করে গণজাগরণ মঞ্চের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে সহিংসতার খবর পাওয়া গেছে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
বগুড়া: সোমবার মধ্যরাতে রেললাইনের প্রায় ৬০০ প্যান্ডেল ক্লিপ খুলে ফেলে ট্রেনে নাশকতার চেষ্টা চালায় হরতাল-সমর্থকেরা। রাত সোয়া ১২টার দিকে তারা বগুড়া রেলস্টেশনের অদূরে এবং রংপুর-ঢাকা মহাসড়কের রেলগেটসংলগ্ন শহরদীঘি এলাকায় প্রায় পৌনে এক কিলোমিটার রেললাইনের প্যান্ডেল ক্লিপ খুলে ফেলে। এ লাইন দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি বগুড়া রেলস্টেশনে ভোররাতে পৌঁছার কথা ছিল। খবর পেয়ে রাত পৌনে একটার দিকে বগুড়া শহর থেকে পুলিশ গিয়ে এলাকাটি ঘিরে রাখে। পরে পুলিশের সহায়তায় রেলকর্মীরা লাইন মেরামত করার পর নির্ধারিত সময়ে বগুড়া ছেড়ে যায় লালমনি এক্সপ্রেস ট্রেনটি।
রাজশাহী: বিকেলে পুলিশের দিকে ইটপাটকেল ও বোমা মারতে গিয়ে শিবিরের এক কর্মী জ্ঞান হারিয়ে পড়ে যান। সঙ্গীরা দ্রুত তাঁকে উদ্ধার করে মোটরসাইকেলে তুলে পালিয়ে যান। এর আগে দুপুরে একটি যাত্রীবাহী বাস ও একটি মিনি ট্রাক পুড়িয়ে দেন শিবিরের কর্মীরা। এ সময় একজন বাসযাত্রী গুরুতর আহত হন।
সিরাজগঞ্জ: সকাল সাড়ে নয়টার দিকে সিরাজগঞ্জ-নলকা সড়কের কাজীপুর মোড় এলাকায় একটি লেগুনা ভাঙচুর করেন জামায়াত-শিবিরের কর্মীরা। ভোর থেকেই নগরবাড়ী-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা মোড়, বোয়ালিয়া বাজার ও পূর্ব দেলুয়া এলাকায় মহাসড়কে হরতাল সমর্থনকারীরা অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
জয়পুরহাট: সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে পুলিশ জামায়াত-শিবিরের ২১ কর্মীকে আটক করেছে। আটক ব্যক্তিদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। শহরের প্রধান রাস্তা বাটার মোড় এলাকায় মোটরসাইকেলের তিন আরোহী পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল ছুড়ে মারেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আক্কেলপুর (জয়পুরহাট): আক্কেলপুরে জামায়াতের কর্মী সন্দেহে মো. আবদুল বারী (৫২) ও তারাজুল ইসলাম (৪০) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের উঁচুটিয়া এলাকায় গতকাল হরতালের সমর্থনে শিবিরের কর্মীরা গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাঁরা পালিয়ে যান।
চট্টগ্রাম: সকাল সোয়া সাতটার দিকে পতেঙ্গা গোল্ডেন বিচ এলাকায় যাত্রীবিহীন একটি থেমে থাকা বাসে আগুন দেয় হরতালকারীরা। সকাল নয়টার দিকে নগরের নাসিমন ভবনের বিএনপির কার্যালয়ের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন জামায়াতের কর্মীরা। গণজাগরণ মঞ্চও শান্তিপূর্ণভাবে তাদের হরতাল পালন করে।
নোয়াখালী: সকাল ছয়টার দিকে চাটখিলের হালিমা দীঘিরপাড় এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা করেন শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা আর্মড পুলিশ সদস্যদের ওপর হামলার চেষ্টা চালান। একপর্যায়ে পুলিশ ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিবিরের চার কর্মীকে আটক করে। সকাল আটটার দিকে নোয়াখালী রেলস্টেশনের কাছে ককটেল বিস্ফোরণে মো. বাদশা (১২) নামের এক পথশিশু আহত হয়।
লক্ষ্মীপুর: কমলনগর ও রামগঞ্জে সোমবার সংঘটিত ছাত্রশিবিরের সহিংসতায় পরিদর্শকসহ (ওসি-তদন্ত) পুলিশের চার সদস্য আহত হওয়ার ঘটনায় জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়েছে।
রায়পুর (লক্ষ্মীপুর): ভোর থেকে দলীয় নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে উপজেলার বাস টার্মিনাল, বর্ডার, লেংড়া বাজার এলাকায় অবস্থান নেন। এ সময় তাঁরা দুটি মোটরসাইকেল ও তিনটি অটোরিকশা ভাঙচুর, টায়ারে অগ্নিসংযোগ ও সড়কের দুই পাশে কয়েকটি গাছ কেটে ফেলে রাখেন। তাঁরা প্রধান সড়কে মিছিল থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান।
বরিশাল: বরিশালে গণজাগরণ মঞ্চ এবং জামায়াত-শিবিরের পাল্টাপাল্টি হরতাল কর্মসূচি পালিত হয়েছে। কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
যশোর: জেলা পরিষদ মিলনায়তনের (বিডি হল) সামনে দুপুরে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে রিকশাচালক লুৎফর রহমান (৫২), পথচারী সাগর (১৩) ও অপর এক যুবক আহত হন।
সাতক্ষীরা: ভোর সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের তজুলপুর, ছয়ঘরিয়া ও অন্নের মোড় এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা সাত-আটটি ককটেলের বিস্ফোরণ ঘটান। একইভাবে বাঁকাল এলাকায়ও চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এসব ঘটনায় পুলিশ শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করে।
কুমিল্লা: কুমিল্লা শহরতলির আদর্শ সদর উপজেলার দুর্গাপুর (দক্ষিণ) ইউনিয়নের চম্পকনগরে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে দুই দফায় সংঘর্ষে এক নারীসহ চারজন গুলিবিদ্ধ ও আটজন আহত হয়েছেন। সংঘর্ষে ওই এলাকার কয়েকটি বাড়ি ও একটি প্রাইভেট কার এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এসব ঘটনায় মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারিসহ শিবিরের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।
সিলেট: সকাল সাড়ে নয়টায় ওসমানী মেডিকেল কলেজ এলাকায় ঝটিকা মিছিল করে একটি পিকআপ ভ্যান ও সিএনজিচালিত ১০টি অটোরিকশা ভাঙচুর করেন জামায়াত-শিবিরের কর্মীরা।