বগুড়ায় শেষ হলো বৈশাখী মেলা
ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় পুতুলনাচ, লড়াকু মোরগের লড়াই আর কুষ্টিয়ার লালন একাডেমীর শিল্পীদের পরিবেশনায় লালনসংগীত সবখানেই ছিল জমজমাট দর্শকসমাগম। দর্শনার্থীর ভিড়ে মেলা চত্বর ছিল সরগরম।
তবে পয়লা বৈশাখের শুরুর দিনে দর্শকের মনে যতটা প্রাণোচ্ছ্বাস ছিল, বর্ষবরণ উৎসবের শেষ দিনে দর্শকের চোখেমুখে ততটাই ছিল মিলনমেলা ভাঙার বিরহ-বেদনা। আয়োজকদের চোখেমুখেও ছিল বিষাদ-ব্যথা।
বগুড়ার এডওয়ার্ড পার্কে বর্ষবরণ উপলক্ষে আয়োজিত বৈশাখী মেলা চত্বরে গতকাল শনিবার শেষ দিনে গিয়ে এমন চিত্রই দেখা গেছে। বৈশাখী মেলাকে ঘিরে পাঁচ দিন ধরে জমে উঠেছিল লাখো প্রাণের মিলনমেলা। তবে শেষ দিনে মেলাজুড়ে ছিল বিদায় আর বিচ্ছেদের মলিন চিত্র। বগুড়া থিয়েটার ৩৪ বছর ধরে বর্ষবরণ উপলক্ষে এই মেলার আয়োজন করে আসছে।
এবারের বৈশাখী মেলায় লাঠিখেলা, বাউলগান, জারিগান, কিচ্ছাপালা, লসিমন পালা, মোরগ লড়াই, পুতুলনাচ ছাড়াও ছিল নীলফামারী থেকে আসা সাপুড়ে রবিউল ইসলামের বিষধর সাপ নিয়ে অনবদ্য খেলা দেখানোর পাশাপাশি জীবন্ত সাপের মাথা কেটে রক্ত পান করার শ্বাসরুদ্ধকর দৃশ্য।
এডওয়ার্ড পার্কের ওস্তাদ আলাউদ্দিন মঞ্চে প্রতিবছর সাপের খেলা দেখাতে নীলফামারীর গোড়গ্রাম থেকে আসেন সাপুড়ে রবিউল ইসলাম।
রবিউল ইসলাম বলেন, ‘টাকার জন্য সাপের খেলা দেখাতে আসি না। সাপ নিয়ে খেলা করা আমার নেশা। সাপ অবলা প্রাণী, একে হত্যা করাটা খুব কষ্টকর। কিন্তু কয়েক বছর ধরেই সাপের বিষ হজম করার সাধনা করছি। জ্যান্ত সাপের মাথা দাঁত দিয়ে কামড়িয়ে আলাদা করে রক্ত পান করছি। এটা ২৫ বছর ধরে সাপ নিয়ে সাধনার ফল। এতে দর্শক আনন্দ পায়, সেই আনন্দতেই সুখ খুঁজি।’
এ ছাড়া ওস্তাদ আলাউদ্দিন মঞ্চে শেষ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে কুষ্টিয়ার লালন একাডেমীর শিল্পীরা ছাড়াও দোলনচাঁপা, দৃষ্টি, সপ্তস্বর শিল্পীগোষ্ঠীর শিল্পীরা অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা শিল্পীরা পরিবেশন করেন গম্ভীরা।
এদিকে সন্ধ্যায় বগুড়া থিয়েটারের সভাপতি এ এইচ এম আযম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধী দলের হুইপ নুরুল ইসলাম, পুলিশ সুপার মো. মোজাম্মেল হক, ওয়ান ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ফরিদ, বৃহত্তর বগুড়া সমিতির সভাপতি মাছুদুর রহমান, বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান প্রমুখ বক্তব্য দেন।