বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুরে গতকাল মঙ্গলবার বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে একজন নিহত ও শিশুসহ ছয়জন আহত হয়েছেন। একই দিনে বগুড়া-নওগাঁ সড়কের কাহালু উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটির চালক নিহত ও চার শ্রমিক আহত হয়েছেন।
শাজাহানপুরে নিহত শ্রমিকের নাম রানা মিয়া (৪৫)। তিনি উপজেলার শিয়ালচাপড় গ্রামের বাসিন্দা ছিলেন। কাহালুতে নিহত চালকের নাম আবু সালেহ (৩৫)। তিনি কাহালুর বীরকেদার কাশিমালা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, শাজাহানপুরের মাঝিড়া-বীরগ্রাম সংযোগ সড়কের সাজাপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খায়। এতে খুঁটিটি ভেঙে পড়ে পল্লী বিদ্যুতের তার সংযোগের কাজে নিয়োজিত শ্রমিক রানা ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ সময় আহত হয় দুই শিশুসহ আরও ছয়জন। আহত ব্যক্তিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) খোকন কুমার কুণ্ডু বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে রানা মিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বগুড়া-নওগাঁ সড়কের কাহালুর বাবলাতলায় সকাল সাড়ে সাতটার দিকে একটি বড় ট্রাকের সঙ্গে মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে মিনি ট্রাকের চালক সালেহ নিহত হন। মারাত্মক আহত হন মিনি ট্রাকের চার শ্রমিক। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকি দুজনকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষে মিনি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে এর চালক ঘটনাস্থলেই মারা যান।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।