বগুড়ায় সুজন হত্যা মামলায় ২২ জনের নামে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের বগুড়া শহর শাখার নেতা সুজানুর রহমান ওরফে সুজন হত্যা মামলায় ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এর মধ্যে বেশির ভাগই যুবলীগের শহর শাখার নেতা-কর্মী।

মামলার তদন্ত কর্মকর্তা ও বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) নূর-ই-আলম সিদ্দিকী গত রোববার বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন যুবলীগের শহর শাখার    নেতা মোস্তাকিম রহমান, যুবলীগের কর্মী আদিল, কাফি, নোমান, এনামুল, নাদিম, সুমনসহ সীমান্ত, পল্লব, হোসেন, হাসান, বেলাল, মানিক, শান্ত ব্যাপারী, শহিদুল, নয়ন, বাপ্পি, জুয়েল, কবির, বাপ্পা,    নূরুন্নবী ও সাবেক পৌর     কাউন্সিলর হিরু পশারী। এ ছাড়া ইতিপূর্বে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা পাঁচজনকে মামলা থেকে অব্যাহতির আবেদন জানানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত বছর ২৯ নভেম্বর রাতে আওয়ামী লীগের শহর শাখার যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সুজানুর রহমান ওরফে সুজন মালগ্রামে বাড়ি ফেরার পথে বাড়ির অদূরে সন্ত্রাসীদের হাতে খুন হন।

এ ঘটনায় নিহতের স্ত্রী মুঞ্জুয়ারা বেগম ২০ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন। সদর থানা সূত্রে জানা  গেছে, অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে প্রধান আসামি মোস্তাকিম ছাড়াও দুজন কারাগারে আছেন। বাকি ১৭ জন জামিনে আছেন। নুরুন্নবী ও বাপ্পা নামের দুজন পলাতক আছেন।