বগুড়ায় হত্যার দায়ে ছয়জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশাচালক মিনহাজুল আবেদীন ওরফে ফাইটকে (৩০) হত্যার দায়ে ছয় ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের দণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়ার জেলা ও দায়রা জজ আ ম মো. সাঈদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত ছয় ব্যক্তি হলেন সিরাজগঞ্জ সদরের ধোপাপাড়া চণ্ডীদাশগাতির ইউসুফ আলী ওরফে ছোট ইউসুফ (২৩) ও সেলিম হোসেন (২৬), একই উপজেলার সরাই চণ্ডীপুর গ্রামের শফিকুল ইসলাম (২৪) ও কামরুল ইসলাম (২৯) এবং সরাইচণ্ডী খন্দকারপাড়ার মাসুম হোসেন (৩৩) ও ইউসুফ আলী ওরফে বড় ইউসুফ (২৭)।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ জুলাই রাতে বগুড়ার সাতমাথায় অটোরিকশা নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন বগুড়া শহরতলির বড় কুমিড়া গ্রামের মিনহাজুল আবেদীন। এ সময় সিরাজগঞ্জ যাওয়ার কথা বলে আসামিরা অটোরিকশাটি ভাড়া করেন। এরপর চালকের দুই পাশে দুজন এবং পেছনে চারজন ওঠেন। অটোরিকশাটি বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার সাজাপুর মসজিদপাড়া এলাকায় যাওয়ার পর আসামিরা পেছন থেকে গামছার ফাঁস দিয়ে চালককে হত্যা করে অটোরিকশার নিয়ন্ত্রণ নেন। পরদিন সকালে স্থানীয় মাঠ থেকে লাশ উদ্ধার হলে মাঝিড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আবদুল গফুর শাজাহানপুর থানায় মামলা করেন। পরে সংবাদ পেয়ে বগুড়ার চুরিপট্টির ব্যবসায়ী ও বড় কুমিড়া এলাকার বাসিন্দা আবদুল হামিদ লাশটি তাঁর ছেলে মিনহাজুল আবেদীনের বলে শনাক্ত করেন। এরপর পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করলে তাঁরা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অন্য চারজন পলাতক থাকায় তাঁদের অনুপস্থিতিতে গতকাল এই মামলার রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মতিন।