বগুড়ায় হোটেল সিলগালা, ১৯ তরুণ-তরুণীকে জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের মাটিডালি মোড়ের আবাসিক হোটেল ক্যাসেল এমএইচ সিলগালা ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই হোটেল থেকে ১৯ তরুণ-তরুণীকে আটক ও তাঁদের জরিমানা করা হয়।
বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহামঞ্চদ হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসানের নেতৃত্বে গতকাল বুধবার দুপুরে ওই অভিযান চালানো হয়। এ সময় আবাসিক হোটেলের বিভিন্ন কক্ষে ওই তরুণ-তরুণীরা অবস্থান করছিলেন। তাঁদের আটক করে হোটেল চত্বরেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতের কাছে প্রত্যেকে দোষ স্বীকার করায় ১৩ তরুণকে তিন মাস করে জেল এবং ছয় তরুণীকে বিভিন্ন অঙ্কে মোট দুই হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে হোটেল সিলগালা ও কর্তৃপক্ষের পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা ২০ দিনের মধ্যে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। টাকা পরিশোধে ব্যর্থ হলে মালামাল ক্রোক করা হবে। অভিযান চলাকালে হোটেলের ব্যবস্থাপক ও কর্মচারীরা পালিয়ে যান।